ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হার এড়াতে পারেননি লিটনবিহীন কলকাতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৪, ২৪ এপ্রিল ২০২৩
হার এড়াতে পারেননি লিটনবিহীন কলকাতা
কলকাতা নাইট রাইডার্সের হার

চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৯ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। তুমুল লড়াই করেছেন জেসন রয় ও রিঙ্কু সিং। তবু হার এড়াতে পারেননি তারা। এ নিয়ে টানা ৪ ম্যাচে হারলো দলটি।

এদিন লিটন দাসকে বসিয়ে বাড়তি পেসার খেলায় কলকাতা। তাতেও কাজের কাজ কিছুই হয়নি। হারের বৃত্তেই আবদ্ধ থাকলো তারা।

রোববার (২৩ এপ্রিল) ইডেন গার্ডেন্সে টস জিতে আগে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা। পরে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার ঋতুরাজ গাইকওয়াদ ও ডেভন কনওয়ে। ৮ম ওভারে ভাঙে তাদের জুটি। ২০ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন গাইকওয়াদ। এর আগে উদ্বোধনী জুটিতে কনওয়ের সঙ্গে ৭৩ রান তোলেন তিনি।

Advertisement

ওয়ানডাউনে নেমে সাবলীল ব্যাটিং করেন আজিঙ্কা রাহানে। এতে চেন্নাইয়ের রানও দ্রুতগতিতে এগিয়ে যায়। পথিমধ্যে ৪০ বলে ৫৬ রানের ইনিংস খেলে ফেরেন কনওয়ে। পরে শিভাম দুবেকে নিয়ে আগ্রাসী ব্যাটিং করেন রাহানে। অপর প্রান্ত থেকে যথার্থ সমর্থন পান তিনি। তাতে তৃতীয় উইকেটে মাত্র ৩২ বলে ওঠে ৮৫ রান। 

২১ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফেরেন দুবে। তবে ২৯ বলে ৭১ রানের হার না মানা টর্নেডো ইনিংস খেলেন রাহানে। শেষ দিকে ৮ বলে ১৮ রানের ক্যামিও খেলেন রবীন্দ্র জাদেজা। ফলে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রানের পাহাড়সম পুঁজি পায় চেন্নাই। 

কলকাতার হয়ে ২ উইকেট নেন কুলওয়ান্ত খেজরোলিয়া। এছাড়া ১টি করে নেন সুয়াশ শর্মা ও বরুণ চক্রবর্তী। 

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় কলকাতা। দুই ওপেনার সুনীল নারাইন ও নারায়ণ জগাদিশান ফিরে যান দলীয় ১ রানে। তিনে নামেন ইম্প্যাক্ট প্লেয়ার ভেংকটেশ আইয়ার। যেখানে খেলানো যেতো লিটনকে। 

তবে স্বাভাবিক ছিলেন না আইয়ার। ২০ বলে ২০ রান করে ফেরেন তিনি। কিন্তু একপ্রান্ত আগলে ছিলেন নীতিশ রানা। পরে জেসন রয় নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন। তবে ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি রানা। ২০ বলে ২৭ রান করে ফেরেন তিনি। 

এরপর রয়কে যোগ্য সঙ্গ দেন রিঙ্কু। এতে কলকাতার রানও এগিয়ে যায়। তবে রয়ের তাণ্ডব দীর্ঘায়িত হতে দেননি মাহিশ ঠেকশানা। তাকে বোল্ড করে চেন্নাইয়ের জয়ের পথ পরিষ্কার করেন তিনি। ততক্ষণে ২৬ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রয়। 

শেষ দিকে লড়াই চালিয়ে যান রিঙ্কু। কিন্তু তাতে লাভ হয়নি। কেবল হারের ব্যবধানটাই কমেছে। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৮৬ রান তুলতে সক্ষম হয় কলকাতা। ৪৯ রানে জয়লাভ করে চেন্নাই। আর ৩৩ বলে ৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রিঙ্কু।

চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট শিকার করেন মাহিশ ঠেকশানা ও তুষার দেশপান্ডে। এছাড়া ১টি করে উইকেট তোলেন রবীন্দ্র জাদেজা, আকাশ সিং, মঈন আলী ও মাথিশা পাথিরানা।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!