ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যেদিন পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন রুবেল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫২, ১৯ এপ্রিল ২০২৩
যেদিন পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন রুবেল
সাকিব আল হাসানের সঙ্গে মোশাররফ হোসেন রুবেল। ছবি- সংগৃহীত

নিজের স্বপ্ন পূরণে জাতীয় দলের জার্সিতে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন ভালোভাবেই। এরপর আন্তর্জাতিক, ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের কাঁপন ধরিয়েছেন। তবে ক্রিকেট মাঠে চোখে চোখ রাঙিয়ে লড়াই চালিয়ে গেলেও জীবনযুদ্ধে হার মেনেছেন টাইগারদের সাবেক স্পিনার মোশররফ হোসেন রুবেল।

২০২২ সালের ১৯ এপ্রিল মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন রুবেল। আজকেরে এই দিনে ক্যান্সারের সঙ্গে লড়াই করে পুরো ক্রীড়াঙ্গনকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান এ বাঁহাতি স্পিনার।  

২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। একই বছরের ১৯ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। 

২০২০ সালে সুস্থ-স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রুবেল। কিন্তু নভেম্বরে আবারো অসুস্থ হয়ে পড়েন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায়, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছিল।

২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে উইকেট শিকারের পর উদযাপন করছেন রুবেল

মূলত তারপর থেকে রুবেলের শরীরে কেমোথেরাপি দেওয়া শুরু হয়। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছিলেন। ২০২১ সালের ১১ অক্টোবর ইউনাইটেড হাসপাতালেই সর্বশেষ কেমোথেরাপি নিয়েছিলেন তিনি। 

এরপর অবস্থার অবনতি হলে ২০২২ সালের ১৪ মার্চ আবার হাসপাতালে ভর্তি করা হয় রুবেলকে। প্রায় এক মাস ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন। পরে বাসায় ফিরেছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যে না ফেরার দেশে পাড়ি জমান মোশাররফ।

প্রসঙ্গত, ২০০৮ সালে জাতীয় দলের জার্সিতে টাইগারদের ডেরায় সুযোগ হয় রুবেলের। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে খেলে ১ উইকেট পান। বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন। এরপর ২০১৩ সালে শ্রীলংকা সফরে আবারো ডাক আসে তার। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে আবার বাদ পড়েন তিনি।

সবশেষ ২০১৬ সালে আফগানিস্তান সিরিজে রুবেলকে দলে নেন চন্ডিকা হাথুরুসিংহে। দীর্ঘ আট বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে ৩ উইকেট শিকার করেন। দলকে জেতাতে বড় ভূমিকাও রাখেন তিনি। কিন্তু পরের ম্যাচে উইকেট না পাওয়ায় রুবেল আবার জাতীয় দল থেকে বাদ পড়েন। তার ক্যারিয়ার সেখানেই থেমে যায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!