নতুন নাম পেলেন এবাদত
ক্যারিয়ারের শুরু থেকেই অনেক উত্থান-পতনের সাক্ষী এবাদত হোসেন। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে বড় ভরসার নাম হয়ে উঠেছেন এ পেসার। সাম্প্রতিক সময়ে লাল বলের পাশাপাশি সাদা বলেও দারুণ ছন্দে আছেন তিনি।
এরই মধ্যে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের প্রিয় পাত্র বনে গেছেন এবাদত। বুধবার সিলেটে সংবাদ সম্মেলনে তাকে নিয়ে ডোনাল্ড বলেন, সে তো কাঁপিয়ে দিচ্ছে! ঠিক এক বছর আগে আমি ওকে (এবাদত) যখন সাউথ আফ্রিকায় দেখেছিলাম তখন থেকেই সে ভালো করে চলেছে।
এরপর তিনি বলেন, আপনি যদি জিজ্ঞেস করেন কোনো বিভাগে তার উন্নতির প্রয়োজন আছে কি না! সেটাই আমি খোঁজার চেষ্টায় আছি। তবে আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এবাদত সব সময় খেলার ভেতর নিজেকে সম্পৃক্ত রাখে।
এবাদতের নতুন নামও রেখেছেন ডোনাল্ড। তিনি বলেন, চার-ছয় খেলেও সে প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছে। কখনো কখনো সে ১৪৫-১৪৮ গতিতে বোলিং করছে। গত ম্যাচেও এটা দেখা গেছে। সে প্রশংসার যোগ্য, সে অ্যাথলেট, কাজ করার জন্য দারুণ একজন। সে সিলেটের রকেট।
অর্থাৎ এবাদতকে সিলেটের রকেট নাম দিয়েছেন ডোনাল্ড।
এবাদতের সঙ্গে কাজ করতে ভালোবাসেন ডোনাল্ড। তার ভাষায়, আমি ওর সঙ্গে কাজ করতে ভালোবাসি, দারুণ প্রতিভাবান। এখন যে অবস্থায় সে আছে, এটা সে অর্জন করে এসেছে। ৩ ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ অংশ। আমি শুধু ওর সঙ্গে না, সবার সঙ্গেই কাজ করছি।
ডোনাল্ড যোগ করেন, বিশেষ করে ট্যাক্টিকাল বিষয়গুলোর প্রতি বাড়তি মনোযোগ দিচ্ছি। তিন ফরম্যাটেই ম্যাচের বুদ্ধিমত্তা নিয়ে আমরা কাজ করছি, দল হিসেবে এই জায়গায় আমাদের আরো উন্নতি করতে হবে।