ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাঠে নামার আগেই লাল কার্ড!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪০, ২২ মার্চ ২০২৩
মাঠে নামার আগেই লাল কার্ড!
ক্রিস্টিয়ানো বুনিনো

সাধারণত অতি আক্রমণাত্বক ফুটবল খেললে কিংবা নিয়ম বহির্ভূত কাজ করলে লাল কার্ড দেখান রেফাফি। বিষয়টি খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু মাঠে নামার আগেই যদি খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয় তাহলে বিষয়টি অবিশ্বাস্য লাগাটাই স্বাভাবিক।

তবে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে ইতালির তৃতীয় ডিভিশনের একটি ম্যাচে।

রোববার পিয়াসেনৎসার বিপক্ষে মাঠে নামে লেসো। ৭৩ মিনিট পর্যন্ত খেলা ভালোই চলছিল। ম্যাচ শেষ হতে ১৭ মিনিট বাকি। 

Advertisement

এ সময় বদলি ফুটবলার হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিস্টিয়ান বুনিনো। কিন্তু মাঠে নামার আগে হঠাৎই ঘটে বিপত্তি। খেলা থামিয়ে তাকে লাল কার্ড দেখিয়ে বসেন রেফারি।

বদলি খেলোয়াড় হিসেবে বুনিনো তখনও মাঠেই প্রবেশ করেননি। মূলত মাঠের পাশে বদলি হিসেবে নামার আগে তিনি গা গরম করছিলেন। কিন্তু হঠাৎ তার প্রাকৃতিক ডাক এলে তিনি সাড়া না দিয়ে পারেননি। তখন মাঠের বাইরে যাওয়ারও সুযোগ নেই। তাই মাঠের পাশেই তিনি প্রাকৃতিক কাজ সারেন।

যা নজর এড়ায়নি রেফারির। বিষয়টি অবশ্য প্রথমে খেয়াল করেছেন সহকারী রেফারি। বিষয়টি নিয়ে লেসোর কোচ ফোসচি গাজেত্তা দেল্লো স্পোর্তকে বলেছেন, ‘এটাই নিয়ম এবং তাদের তো নিয়ম পালন করতে হবে।’

যদিও এই কোচের মতে তাকে লঘু পাপে গুরু দণ্ড দেওয়া হয়েছে, ‘আমি আশা করছিলাম, রেফারিরা সাধারণ জ্ঞানটা কাজে লাগাবেন। কারণ, সে কারও কোনো ক্ষতি করেনি। কেউ এটা দেখেওনি। আমি ধারণা করেছিলাম, একটা হলুদ কার্ডই হয়তো দেখবে। কিন্তু রেফারি ভুল করেননি। আর বুনিনো? আমার মনে হয়, এর ফল কী হবে, সেটা সে বুঝতে পারেনি।’

প্রসঙ্গত, এর আগে জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন বুনিনো। সেই দলে ৩৪টি এবং ইতালির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিনি দু’টি ম্যাচ খেলেছেন। চলতি বছরের জানুয়ারিতে লেসোতে যোগ দেন। তার সঙ্গে মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!