ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাইলফলক ছুঁলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৫, ৬ মার্চ ২০২৩
মাইলফলক ছুঁলেন সাকিব
সাকিব আল হাসান- ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে আরো এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকার করলেন তিনি।

সোমবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ১৩তম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ  করেন তিনি। এর আগে বিশ্বে মাত্র ১২ জন ক্রিকেটার এই ক্লাবে নাম লিখিয়েছেন।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রেহান আহমেদের উইকেট নিয়ে ল্যান্ডমার্কে পৌঁছে যান সাকিব। একে একে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট, চারে নামা জেমস ভিন্স, জেসন রয় ও রেহান আহমেদকে ফেরান এই টাইগার অলরাউন্ডার। এই মাইলফলক ছুঁতে ২২৭ ম্যাচ খেলেছেন সাকিব।

Advertisement

এদিকে বাঁহাতি স্পিনার হিসেবে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব। এর আগে শ্রীলংকার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া ৪৪৫ ম্যাচ খেলে ৩২৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া ২৯৫ ম্যাচ খেলে ৩০৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।

এ ছাড়া সনৎ জয়সুরিয়া এবং শহীদ আফ্রিদির সঙ্গে সাকিবও তৃতীয় অলরাউন্ডার হয়ে ওডিআইতে ৬ হাজার রান করার এবং ৩০০ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেছেন।

২০০৬ সালে হারারেতে এল্টন চিগুম্বুরাকে আউট করে তার প্রথম ওয়ানডে উইকেট পান সাকিব। ২০১০ সালে এশিয়া কাপে ডাম্বুলায় সাকিবের শততম ওডিআই উইকেট ছিল আসাদ শফিক। ২০১৫ সালে ঢাকায় হাশিম আমলা ছিল সাকিবের ২০০তম শিকার।

সাকিব টেস্ট ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ২৩১ এবং ১২৮টি উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি। তিনি বর্তমানে ৪৪৩টি উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি। আর টি-টোয়েন্টিতে ৬০০০ রান, ৪০০ উইকেট ও ৫০টি ক্যাচ নিয়েছেন মাত্র দুইজন খেলোয়াড় রয়েছেন। এরমধ্যে সাকিব একজন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!