ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির শ্বশুরের দোকানে গুলি চালিয়ে যে চিরকুট রেখে গেল দুর্বৃত্তরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ৩ মার্চ ২০২৩
মেসির শ্বশুরের দোকানে গুলি চালিয়ে যে চিরকুট রেখে গেল দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসিকে হত্যা করতে খুঁজছেন অজ্ঞাত দুই ব্যক্তি! আর এ জন্য তার শ্বশুরের দোকানে এলোপাতাড়ি ১৪টি গুলি চালিয়েছেন তারা। পাশাপাশি ‘মেসি আমরা তোমার অপেক্ষায় আছি’ লেখা একটি চিরকুটও রেখে গেছে সেই দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাতে (স্থানীয় সময়) আর্জেন্টিনার রোজারিও শহরে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে দুজন লোক মোটরসাইকেলে করে সেই দোকানের সামনে আসেন। পরে তাদের একজন নিচে নেমে এলোপাতাড়ি গুলি চালান। দোকানের দরজা বন্ধ থাকলেও সেটি ভেদ করে ভেতরের গ্লাসও ভেঙে যায়।

Advertisement

পরে হামলাকারীরা একটি চিঠি ফেলে যান বলে জানিয়েছে পুলিশ। সেখানে তারা মেসিকে হুমকি দিয়ে লেখেন, ‘মেসি আমরা তোমার অপেক্ষায় আছি। জাভকিন একজন মাদক চোরাকারবারি। সেও তোমাকে বাঁচাতে পারবে না।’

হামলার পর থেকে ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে। এমনকি সেখানকার দোকানপাটও বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

তবে কি ধরনের অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে সেটি তারা এখনো নিশ্চিত করতে পারেননি। তারা ব্যালিস্টিক টেস্টের রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছেন।

জানা যায়, রোজারিওতে মেসির একটি বাড়ি আছে। খেলোয়াড়ি জীবনের ব্যস্ততার ফাঁকে ছুটি পেলে মাঝেমধ্যে রোজারিওর সেই বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন তিনি। বিশেষ করে বড়দিনের ছুটিটা মেসি সেখানেই কাটান।

তবে সেখানে জাভকিন নামে যার কথা বলা হয়েছে, তার সঙ্গে মেসির কি-রকম সম্পর্ক সেটি জানা যায়নি।

কাদেনার প্রতিবেদনটিতে আরো বলা হয়, ওই ঘটনাস্থলে মেসির শ্বশুর পরিবারের জায়গা রয়েছে। মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর চাচাতো ভাই সেই জায়গাটির তত্ত্বাবধান করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!