এরই মধ্যে টেস্ট সিরিজ খেলতে ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে অস্ট্রেলিয়া দল। কিন্তু ভিসা জটিলতায় দলের সঙ্গে ফ্লাইটে উঠতে পারলেন না অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। তবে খাজার ভিসার জন্য চেষ্টা করে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে দুই ভাগে অস্ট্রেলিয়া ছেড়েছে প্যাট কামিন্সরা। দ্বিতীয় দলটি আজ বুধবার সিডনি থেকে ছেড়েছে। কিন্তু ভিসা সংক্রান্ত ঝামেলার কারণে কোনো দলের সঙ্গেই ফ্লাইটে উঠতে পারেননি খাজা।
.png)
তবে খাজার এই ভিসা ঝামেলা খুব দ্রুতই মিটে যাবে বলে আশ্বাস দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভিসা পেলেই আগামীকাল বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর উদ্দেশে সিডনি ছাড়বেন এই বাঁহাতি ব্যাটার।
এর আগেও ভারত সফরে গেছেন খাজা। এর মধ্যে ২০১৩ এবং ২০১৭ সালে গিয়েছিলেন টেস্ট সিরিজ খেলতে। সেবারও পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় খাজাকে ভারতের ভিসা পেতে জটিলতার মুখে পড়তে হয়েছে।
ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন খাজা। ২০২২ সালের শুরুর দিকে দলে ফেরার পর বছরজুড়ে টেস্টে পাঁচ সেঞ্চুরিসহ ৭৯.৬৮ গড়ে করেছেন ১২৭৫ রান। দলে ফেরার পর এটাই তার প্রথম ভারত সফর। আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।