প্রথমার্ধেই ইরানের জালে ইংল্যান্ডের ৩ গোল
কাতার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ইরান। যেখানে আরব দেশের জালে প্রথমার্ধেই ৩ গোল দিয়েছে ইংলিশরা।
ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত কোনো গোলই করতে পারেনি ইংল্যান্ড। তবে এর পরই শুরু হয় তাদের ঝড়। যেখানে গোলদাতা ছিলেন জুডে বেলিংহাম, বুকায়ো সাকা ও রহিম স্টার্লিং।
দুই দলের লড়াইয়ের শুরুটা ছিল দারুণ। তবে ম্যাচের অষ্টম মিনিটে গোলরক্ষক আলি রেজা আঘাত পেলে প্রথম ধাক্কা খায় ইরান। প্রায় ৭ মিনিট সেবা-শুশ্রূষা নেয়ার পর উঠে দাঁড়ালেও খেলার মতো অবস্থায় ছিলেন না তিনি। যার ফলে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন ইরান অধিনায়ক।
এই ধাক্কা সামলে ৩৫ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছিল ইরান। তবে এরপর দারুণ হেড থেকে স্কোরশিটে নাম তোলেন জুডে বেলিংহাম। ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।
ম্যাচের অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে ইরানকে একদম ব্যাকফুটে ঠেলে দেন রহিম স্টার্লিং। মাত্র ১১ মিনিটের মাঝে ৩ গোল খেয়ে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যায় ইরান। এরপর প্রথমার্ধের বিরতিতে যায় দুই দল।