ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

দেশমের চোখে বিশ্বকাপের ফেবারিট আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২২, ২১ অক্টোবর ২০২২
দেশমের চোখে বিশ্বকাপের ফেবারিট আর্জেন্টিনা-ব্রাজিল
দিদিয়ের দেশম

যতই দিন গড়াচ্ছে, ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপ। পুরনো প্রশ্নগুলোও উঠছে ঘুরেফিরে- এবারের আসরে ফেভারিট কারা? কার হাতে উঠবে ট্রফি? ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও মুখোমুখি হয়েছিলেন বিশ্বকাপের সম্ভাব্য দাবিদার প্রশ্নের। যার উত্তরে আট দলের একটা লম্বা তালিকা দিয়েছেন তিনি।

আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপের এবারের আসর। বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসরের আঙিনায় আলো ছড়াতে কাতারে নোঙর ফেলবে ৩২টি দল। সবার চোখে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ১৮ ডিসেম্বরের ফাইনালে কোন দল হাসবে বিজয়ীর হাসি, আপাতত সে উত্তর তোলা থাকছে সময়ের হাতে।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে বাজিমাত করা ফ্রান্স মধ্যপ্রাচ্যের দেশটিতে যাবে মুকুট ধরে রাখার কঠিন লক্ষ্য নিয়ে। ১৯৮৬ সালে সবশেষ পাওয়া স্বাদ ফিরে পাওয়ার দুর্নিবার আকাঙ্খা থাকবে আর্জেন্টিনারও। এছাড়া রেকর্ড পাঁচ শিরোপা জেতা ব্রাজিল সেই আটকে আছে ২০০২ সাল থেকে। এই বৃত্ত ভালোভাবেই ভাঙতে চাইবে তিতের দল। 

এর বাইরে ২০১৪ বিশ্বকাপের সাফল্য ২০২২-এ পুনরাবৃত্তির প্রত্যাশা থাকবে জার্মানির। ১৯৬৬ সালে ইংল্যান্ডের জেতা সাফল্যে সময়ের ধুলো জমেছে অনেক, তা ঝেড়ে ফেলতে মরিয়া গ্যারেথ সাউথগেটের দল। স্পেনের চাওয়া থাকবে ২০১০ সালের সুখস্মৃতি ফিরিয়ে আনার। এছাড়া গতবার রানার্সআপ হওয়ার অতৃপ্তি ঘোঁচাতে উন্মুখ থাকবে ক্রোয়েশিয়াও। 

সব মিলিয়ে ধুন্ধুমার লড়াইয়ের ক্ষণ গুণছেন ফুটবলপ্রেমীরা। দেশম যেমন শিরোপার মূল প্রতিদ্বন্দ্বী দেখছেন অনেক। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে তাই ফেভারিটের বড় তালিকা দিয়েছেন তিনি। এই কোচ বলেন, আমি কাউকে অসন্তুষ্ট করতে চাই না। সবসময় ফেভারিট হিসেবে আপনার কাছে কিছু চেনা নাম থাকবে।

এরপর দেশম বলেন, লাতিন আমেরিকার দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। এরপর পাঁচ বা ছয়টি ইউরোপিয়ান দল; যেমন, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। এই দলগুলোর ঐতিহ্য আছে, অভিজ্ঞতা আছে এবং সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে তারা নিজেদেরকে আসলেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে প্রমাণ করেছে।

ইউরোপের পাঁচ বা ছয়টি ফেভারিট দলের নাম বললেও দেশম উল্লেখ করেছেন পাঁচটি দেশের কথা। নিজের দল ফ্রান্সের নাম আনেননি মুখে! তবে ফ্রান্স কোচের মনে হচ্ছে, যাদের কথা বলেছেন, তারা সব মিলিয়ে ফেভারিট। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!