ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

এশিয়া কাপে বাংলাদেশ থেকে ধারাভাষ্যকার শুধু একজন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০, ২০ আগস্ট ২০২২
এশিয়া কাপে বাংলাদেশ থেকে ধারাভাষ্যকার শুধু একজন
আতহার আলি খান

চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এশিয়া কাপের জন্য এরই মধ্যে চূড়ান্ত হয়েছে ধারাভাষ্যকারদের প্যানেল। বাংলাদেশ থেকে সেই প্যানেলে সুযোগ পেয়েছেন মাত্র একজন ধারাভাষ্যকার।

এশিয়া কাপে ইংরেজি ভাষায় ধারাভাষ্যের জন্য ১০ জনের প্যানেল নির্বাচন করেছে আসরের অফিসিয়াল ব্রডকাস্টার। সেই প্যানেলে ভারত থেকে রয়েছেন সর্বোচ্চ পাঁচজন। এছাড়া পাকিস্তান থেকে দুইজন এবং শ্রীলংকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ থেকে একজন করে ধারাভাষ্যকার সুযোগ পেয়েছেন।

এশিয়া কাপের জন্য ভারতের পাঁচ ধারাভাষ্যকার হচ্ছেন, দেশটির সাবেক ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, দীপ দাশগুপ্ত ও সঞ্জয় মাঞ্জরেকার।

এছাড়া পাকিস্তানের কিংবদন্তি পেসারদ্বয় ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস এবং শ্রীলংকার রাসেল আর্নল্ড, নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস ও বাংলাদেশের আতহার আলি খানকে দিয়ে পূর্ণতা পেয়েছে ১০ জনের ধারাভাষ্যকারের প্যানেল।

সংযুক্ত আরব আমিরাতে ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!