ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

আর্জেন্টিনার গারনাচোকে দলে নিতে ২০ ক্লাবের কাড়াকাড়ি

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৩:১৯, ৮ আগস্ট ২০২২
আর্জেন্টিনার গারনাচোকে দলে নিতে ২০ ক্লাবের কাড়াকাড়ি
ছবি: সংগৃহীত

আগামী মৌসুমে আর্জেন্টাইন উইঙ্গার গারনাচোকে খেলার সুযোগ করে দিতে চায় ম্যানচেস্টার  ইউনাইটেড। এ জন্য তাকে ধারে ছাড় দিতে প্রস্তুত ক্লাবটি। 

এই খবর প্রকাশের পরই তাকে দলে পাবার জন্য হুমড়ি খেয়ে পড়ে ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি এবং স্কটল্যান্ডের ক্লাবগুলো । এমনকি তাকে দলে ভেড়ানোর জন্য রীতিমত কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। 

দলগুলো এরই মধ্যে ইউনাইটেডের কাছে আনুষ্ঠানিকভাবে ধারের প্রস্তাব পাঠিয়েছে। প্রতিভাবান এই ফুটবলারকে দলে পাবার আগ্রহ প্রকাশ করেছে ২০টিরও অধিক ক্লাব।

স্পেনের রাজধানী মাদ্রিদে জন্ম নেওয়া গারনাচো ২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকাডেমিতে যোগ দেন। অ্যাকাডেমি পর্যায়ে কোচদের নজর কেড়ে এখন ইউনাইটেডের মূল দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন গারনাচো। 

গত এপ্রিলে চেলসির বিপক্ষে বদলি হিসেবে প্রিমিয়ার লিগ অভিষেক হয় তার। ২০২২-২৩ মৌসুমের প্রথম ম্যাচেও ব্রাইটনের বিপক্ষে খেলেছেন এই তরুণ উইঙ্গার।
 
গারনাচো প্রতিভায় মুগ্ধ ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ। প্রাক-মৌসুমে রায়ো ভায়োকানোর বিপক্ষে প্রীতি ম্যাচে গারনাচোর খেলা দেখে এই ডাচ কোচ গারনাচোকে নিয়ে তার মুগ্ধতার কথা জানিয়েছেন,

তিনি বলেন ‘প্রাক-মৌসুমে সে পরিশ্রম করেছে, সেজন্য আজকে মাঠে নেমে দারুণ খেলেছে। আমি আশাবাদী, ওর পারফরম্যান্স সত্যিই খুব ভালো ছিল।’

এদিকে আন্তর্জাতিক অঙ্গনে স্পেনের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত বছর তিনটি ম্যাচ খেলেছেন গারনাচো। এরপরই অবশ্য আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। 

চলতি বছর আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৫ ম্যাচ খেলে ৪ গোল করেছেন এই উইঙ্গার।

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!