ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আবারো সৌরভ-মুরালিদের সঙ্গে মাঠে নামছেন ম্যাশ

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২১:৫৫, ১ আগস্ট ২০২২
আবারো সৌরভ-মুরালিদের সঙ্গে মাঠে নামছেন ম্যাশ
ছবি: সংগৃহীত

আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামছেন মাশরাফী বিন মোর্ত্তজা (ম্যাশ)। লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) খেলবেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। এখন পর্যন্ত লিগ কমিটি ৫৩ জনের তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সে তালিকায় স্থান পেয়েছেন মাশরাফী।

প্রায় সাত বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচে দেখা যাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও।

লিজেন্ডস লিগে সৌরভ-মাশরাফী ছাড়াও খেলবেন ইয়ন মরগ্যান, বীরেন্দ্রর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, জ্যাক ক্যালিস, মিসবাহ উল হক, জন্টি রোডস, ব্রেট লি, শেন ওয়াটসন, রস টেলর, ডেল স্টেইনদের মতো কিংবদন্তিরা। 

টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ভারতের পাঁচটি শহরে হবে এ টুর্নামেন্ট। খেলা হবে সম্ভবত কলকাতা, লখনৌ, দিল্লি, যোধপুর, কাটাক ও রাজকোটে।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এই লিগে পাকিস্তানি ক্রিকেটাররাও থাকবেন, তবে তাদের খেলা নির্ভর করছে ভারতীয় সরকারের অনুমোদনের ওপর।

লিগে মোট তিনটি দল খেলবে। চলতি বছরে জানুয়ারিতে প্রথম মৌসুমে দল তিনটি ছিল-ইন্ডিয়া মহারাজাস, ওয়ার্ল্ড জায়ান্টস এবং এশিয়া লায়ন্স। ম্যাচ হয়েছিল সাতটি।

ভারতীয় নারী ক্রিকেট দলের পেসার ঝুলন গোস্বামী থাকবেন শুভেচ্ছাদূত হিসেবে। থাকবেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনও।

ভারতের সাবেক ক্রিকেটার, কোচ ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী পেয়েছেন লিগ কমিশনারের দায়িত্ব। 

এছাড়া টুর্নামেন্টের এপেক্স কাউন্সিলের সদস্য হিসেবে থাকবেন পাকিস্তানের কিংবদিন্ত পেসার ওয়াসিম আকরাম।

ডেইলি-বাংলাদেশ/এসএল/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!