সোহানের বিকল্প লিটন নয়, নতুন অধিনায়ক মোসাদ্দেক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজের মাঝ পথে নুরুল হাসান সোহান ইনজুরিতে পড়ায় নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বাংলাদেশের নবম অধিনায়ক হিসেবে টস করতে নামবেন ঘরোয়া ক্রিকেটে দীর্ঘসময় ধরে নেতৃত্ব পালন করা মোসাদ্দেক হোসেন।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে অধিনায়ক নুরুল হাসান সোহান আঙুলের চোটে পড়েন। এ কারণে পুরো জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। নুরুল হাসান সোহানের সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগবে অন্তত ৩ সপ্তাহ।
রোববার রাতে ইনজুরির কারণে সোহানের জিম্বাবুয়ে সফর শেষ হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, সোহানের অনুপস্থিতিতে শেষ টি-২০ ম্যাচে অধিনায়কত্ব করবেন কে? সবার ধারণা ছিল শেষ টি-২০র জন্য সোহানের দায়িত্ব দেওয়া হতে পারে লিটন দাসকে। তেমনটাই আভাস ছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুরও। কিন্তু দিন শেষে সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ টি-২০র জন্য মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়ক করা হয়েছে। যদিও এর আগে কোনো আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই এ অলরাউন্ডারের।
সিরিজের প্রথম ম্যাচ ১৭ রানে হারের পর রোববার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সফরকারী বাংলাদেশ। দাপুটে পারফরম্যান্সে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা আনে।
মঙ্গলবারের শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হিসেবে বিবেচিত হচ্ছে। এই ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মোসাদ্দেক।