ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

রোনালদো কবে খেলবেন জানালেন নিজেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ৩০ জুলাই ২০২২
রোনালদো কবে খেলবেন জানালেন নিজেই
ক্রিস্টিয়ানো রোনালদো

আসন্ন মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকবেন নাকি চলে যাবেন, এ নিয়ে এখনো চলছে ধোঁয়াশা। বারবার ক্লাবকে তিনি জানিয়েছেন, থাকার কোনো ইচ্ছে নেই তার। সেজন্যে এতদিন ক্লাবটির কোনো প্রীতি ম্যাচেই মাঠে নামেননি তিনি।

অবশেষে বদলাতে পারে সেই পরিস্থিতি। ইনস্টাগ্রামে রোনালদো নিজেই জানিয়ে দিয়েছেন, আগামীকাল (রোববার) খেলতে নামছেন তিনি। 

নতুন মৌসুম শুরুর আগে এরই মধ্যে অস্ট্রেলিয়া আর থাইল্যান্ডে সফর করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সেই দুই সফরে খেলেননি রোনালদো। এরপর বিগত এক মাস ধরেই গুঞ্জন চলছে, তিনি ক্লাব ছাড়তে চান। সফর না করার একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে একেই।

ইউনাইটেড এবার সফর করছে নরওয়ের অসলোয়। সেখানে আজ সন্ধ্যায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ে নামছে দলটি। সেই ম্যাচেও নেই রোনালদোর নাম।

আজ ম্যাচ খেলে কালই আবার নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে রায়ো ভায়োকানোর বিপক্ষে খেলবে রেড ডেভিলরা। সেই ম্যাচে খেলবেন বলে আভাস দিয়েছেন রোনালদো। এই খবর তিনি জানিয়েছেন ইনস্টাগ্রামে।

নিজের অ্যাকাউন্ট থেকে নয় অবশ্য, এক  ফ্যান অ্যাকাউন্টের পোস্টে গিয়ে মন্তব্য করে তিনি জানিয়েছেন এই খবর। পর্তুগিজ ভাষায় সেখানে তিনি লিখেছেন, ‘ডমিঙ্গো ও হেই জগা’ যার বাংলা অনুবাদ, ‘রোববার রাজা খেলতে নামছে’।

যদিও নরওয়ে সফরকারী দলে তার নাম নেই। ২১ সদস্যের সেই দলই রায়োর বিপক্ষে ম্যাচে খেলবে বলে জানিয়েছিল ইউনাইটেড কর্তৃপক্ষ। শেষ মুহূর্তে রোনালদো খেলতে চাইলে নতুন কোচ এরিক টেন হাগ তাতে পরিবর্তন আনবেন কি না, তা নিয়েও আছে সংশয়।

সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করে ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো। তবে মৌসুমটা ইউনাইটেডের জন্য বেশ বাজেই কেটেছে। শিরোপা তো জিততে পারেইনি, উল্টো লিগ শেষ করেছে ষষ্ঠ স্থানে থেকে।

যার ফলে আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশাও শেষ হয়ে যায় দলটির। ইংলিশ সংবাদ মাধ্যমের খবর, মূলত এই কারণেই রোনালদো ইউনাইটেড ছেড়ে অন্য কোনো দলে যেতে চাইছেন, যারা চ্যাম্পিয়ন্স লিগে খেলে।

আগামী ৭ আগস্ট ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে নিজেদের নতুন মৌসুম শুরু করবে ইউনাইটেড।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!