ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

এশিয়া কাপ হকিতে আমন্ত্রিত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৪:১৮, ১৯ জুলাই ২০২২
এশিয়া কাপ হকিতে আমন্ত্রিত বাংলাদেশ
সংগৃহীত ছবি

এশিয়া কাপ ইনডোর হকি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। 

এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

মোহাম্মদ ইউসুফ জানান, ‘এশিয়ান হকি ফেডারেশন আমাদের ছেলে-মেয়ে দু’দলকেই আমন্ত্রণ জানিয়েছে। তবে আমাদের মেয়েরা ইনডোরে খেলে অভ্যস্ত নয়। তাই ভাবছি শুধু ছেলেদের দল নিয়ে। আমরা অংশ নেবো কিনা সেই সিদ্ধান্ত নেইনি। সভাপতি দেশের বাইরে আছেন। তিনি আসলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

এদিকে এশিয়া কাপ অনূর্ধ্ব-২১ পুরুষ ও নারী হকি টুর্নামেন্টে আয়োজক হওয়ার জন্য বাংলাদেশকে প্রস্তাব দেয় এশিয়ান হকি ফেডারেশন। এ দুটি আয়োজনের জন্য অবশ্য এশিয়ান হকি ফেডারেশনকে বড় অংকের অর্থ দিতে হবে।

মোহাম্মদ ইউসুফ বলেন, ‘এই টুর্নামেন্ট আমরা আয়োজন করি বা না করি সেটা সিদ্ধান্তের বিষয়। তবে টুর্নামেন্ট যেখানেই হোক আমাদের ছেলে-মেয়ে দুটি দলই অংশ নেবে। আয়োজক হবো কিনা সে সিদ্ধান্ত হবে নির্বাহী কমিটির সভায়।’

২০১৯ সালে থাইল্যান্ডের চনবুড়িতে অনুষ্ঠিত ইনডোর টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে অংশ নিয়ে বাংলাদেশ একটি ম্যাচ জিতেছিল, হেরেছিল ৩টি। বাংলাদেশ হারিয়েছিল ফিলিপাইনকে ৯-০ গোলে। মালয়েশিয়ার কাছে হেরেছিল ৬-০ গোলে, ইরানের কাছে হেরেছিল ৮-০ গোলে এবং থাইল্যান্ডের কাছে হেরেছিল ৩-১ গোলে। 

স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৯-০ গোলে হারিয়ে সপ্তম হয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!