উইম্বলডনে খেলতে রাশিয়ার নাগরিকত্ব প্রত্যাহার
আগামী ২৭ জুন শুরু হবে টেনিসের ঐতিহ্যবাহী টুর্নামেন্টগুলোর একটি উইম্বলডন। যা চলবে ১০ জুলাই পর্যন্ত। যেখানে খেলার জন্য নিজ দেশের নাগরিকত্ব প্রত্যাহার করেছেন এক রাশিয়ান খেলোয়াড়।
চলতি বছর রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের উইম্বলডনে অংশগ্রহণের অনুমতি নেই। রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে গত এপ্রিলেই এই সিদ্ধান্ত নিয়েছিল দ্য অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব।
এই পরিস্থিতিতে রুশ খেলোয়াড় নাতেলা জালামিদজে নিজের নাগরিকই বদলে ফেলেছেন। রাশিয়ার বদলে জর্জিয়ার হয়ে খেলবেন ২৯ বছর বয়স্ক এই খেলোয়াড়। সার্বিয়ার আলেকসান্দ্রা ক্রুনিকের সঙ্গে জুটি বেঁধে নামবেন তিনি।
এই বিষয়ে এইএলটিসি-র মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, কোনো খেলোয়াড়ের জাতীয়তা সংজ্ঞায়িত করে, যে পতাকার নীচে সে কোনো পেশাদার ইভেন্টে খেলে। এটি একটি সম্মত প্রক্রিয়া যা ট্যুরস এবং আইটিএফ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
চলতি মাসের শুরুতে ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র ওপেনে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বাধা নেই। নিরপেক্ষ পতাকার নীচে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকছে। ফরাসি ওপেনেও ছিল একই নিয়ম।