আমিরকে রান্না করে খাওয়াবেন রশিদ খান
দশ দলের লড়াই শেষে এবারের আইপিএলের শিরোপা জিতেছে গুজরাট টাইটান্স। শেষ দিনে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন বলিউড মহাতারকা আমির খান। সেখানেই তাকে নিজ দেশের সুস্বাদু খাবার চেখে দেখার আমন্ত্রণ জানিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।
সাক্ষাৎকারে আমির কথা বলতেই রশিদ জানিয়ে দেন, তিনি বলিউড অভিনেতার বড় ভক্ত। আফগান স্পিনারকে রসিকতা করেই আমির বলেন, ‘শুনলাম তুমি ইদের দিনে গুজরাত টাইটান্স দলকে রান্না করে খাইয়েছ! আমি তোমার হাতের রান্না চেখে দেখতে চাই। মুম্বাই এলে আমার বাড়িতে চলে আসবে। আমাকে তখন রান্না করে খাওয়াবে। শুনেছি ভাল রান্না করো। তোমার সঙ্গে দ্বিপ্রাহরিক বা নৈশভোজ সারার ইচ্ছা রইল।’
যা শুনে রশিদ বলেন, ‘‘আপনার সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করার ইচ্ছা রয়েছে আমার। মুম্বাই গেলে আপনার বাড়িতে অবশ্যই যাব। আপনাকে আফগান খানা রান্না করাও শিখিয়ে দেব। আপনার সঙ্গে দ্বিপ্রাহরিক বা নৈশভোজ সারার ব্যাপারটা আমার কাছে খুবই তৃপ্তির বিষয় হবে।’
এরপরেই আমির ঢুকে পড়েন ক্রিকেটের আলোচনায়। রশিদের কাছে জানতে চান, ফাইনালে রাজস্থান রয়্যালসের ইংরেজ ওপেনার জস বাটলারের জন্য তার কী পরিকল্পনা থাকবে? রশিদ জবাব দেন, ‘‘জস বাটলার বেশ ভাল ব্যাটার। খুব আক্রমণাত্মক। তবে ওর কিছু দুর্বলতা রয়েছে, আমি ওকে সেখানেই বল করে ঘায়েল করতে চাই। ঝুঁকি নিয়ে প্রত্যেক বলে বাটলারকে আক্রমণ করতে চাই। ও চার-ছক্কা মারলেও হতাশ হব না।’
গুজরাট টাইটান্স অধিনায়কের বিষয়ে রশিদের কাছে আমিরের পরবর্তী প্রশ্ন ছিল, হার্দিক পান্ডিয়া নেতা হিসেবে কেমন? জবাবে রশিদ বলেন, ‘এই প্রথম বার আমি আইপিএল ফাইনালে খেলছি এবং প্রথম বার হার্দিকের নেতৃত্বেও। আমাদের অধিনায়ক খুব ঠান্ডা মাথায় দল সামলায়। কঠিন পরিস্থিতি সামলাতে দক্ষ।’
সেখানেই না থেমে তিনি আরো বলেন, ‘হার্দিক ড্রেসিংরুমের পরিবেশটাও দারুণ রেখেছে। আমাকে যেমন ও বলেই দিয়েছে, তুমি বোলিং বিভাগের মালিক। নিজের মেজাজে বল করে যাও। অধিনায়কের দেওয়া এই আস্থা ও স্বাধীনতায় আমি বেশ ভালই খেলতে পারছি।’