ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কোহলির জন্য রিজওয়ানের দোয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ১৩ মে ২০২২
কোহলির জন্য রিজওয়ানের দোয়া
মোহাম্মদ রিজওয়ান

বেশ অনেক দিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির। ব্যাট হাতে ব্যর্থতার সঙ্গে একের পর এক সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছেন তিনি।

কোহলির এই খারাপ সময় যেমন অনেকে নানা সমালোচনা করছেন, অনেকে আবার তাকে ফর্মে ফিরতে দিচ্ছেন নানা টোটকা। ভারতের সাবেক অধিনায়ককে নিয়ে সম্প্রতি কথা বলেছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

গত প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে কোনো ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাননি কোহলি। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়েও ব্যাটে রানের দেখা পাচ্ছেন না তিনি। ১২ ম্যাচ খেলে করেছেন ২১৬ রান, হাফ সেঞ্চুরি মাত্র একটি।

এছাড়া এবারের আসরে কোহলি তিনবার শূন্য রানে আউট হয়েছেন। যা কিনা গত সবগুলো আইপিএল মিলিয়ে হয়েছিল। এমতাবস্থায় মোহাম্মদ রিজওয়ানের আশা, কঠোর পরিশ্রমের মাধ্যমে কোহলি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন।

ক্রিকউইকের সঙ্গে আলাপকালে রিজওয়ান বলেছেন, ‘আমি বলব যে সে চ্যাম্পিয়ন খেলোয়াড়, কিন্তু এই পর্যায়ে আমরা তার ফর্মে ফেরার জন্য দোয়া করতে পারি কারণ সে অনেক পরিশ্রমী ক্রিকেটার।’

বর্তমানে ইংলিশ কাউন্টিতে খেলা রিজওয়ান আরো বলেন, ‘কঠিন সময় যেমন আছে, তেমন সবকিছু সহজও হয়ে যায়। প্রত্যেক খেলোয়াড় সেঞ্চুরি করে এবং পেয়ারও পায়। এভাবেই চলতে থাকে। আমি কেবল তার জন্য দোয়া করতে পারি এবং আমি আশাবাদী কঠোর পরিশ্রম করে সে সবকিছু নিয়ন্ত্রণ করবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!