ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রাজার আইডল রুবেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ২৬ এপ্রিল ২০২২
রাজার আইডল রুবেল
রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা

জাতীয় দলে আগেও ডাক পেয়েছেন রেজাউর রহমান রাজা। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচে খেলা হয়নি তার। এরপর নিউজিল্যান্ড সফরে না থাকলেও দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতে অনুশীলন ক্যাম্পে ছিলেন। এবার ফের জাতীয় দলে ঢুকলেন এই ডানহাতি পেসার।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের স্কোয়াডে থাকা সিলেটের পেসার রাজা এখন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় রয়েছেন। জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেনকে আইডল মানেন তিনি।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমে রাজা বলেছেন, ‘সব খেলোয়াড়ই অভিষেকের অপেক্ষায় থাকে। আমি অভিষেকের অপেক্ষায় আছি। সুযোগ হলে চেষ্টা করবো ভালো কিছু করার।’

দলের চাহিদা মিটিয়ে খেলার ইচ্ছার কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘জোরে বল করা আমার লক্ষ্য থাকে। দলের পরিস্থিতির চাহিদা মিটিয়ে ভালো জায়গায়, লাইন লেন্থ ঠিক রেখে জোরে বল করাই ইচ্ছা।’

পেসারদের রাজা হতে চান কি না জিজ্ঞেস করলে রাজা বলেন, ‘আমার আইডল রুবেল ভাই। স্বপ্ন তো থাকেই ভালো কিছু করার। সেই চেষ্টা করব। ওটা (পেসারদের রাজা) না হয় পরে দেখা যাবে।’

ঢাকা প্রিমিয়ার লিগে একই দল প্রাইম ব্যাংকে খেলছেন রাজা ও রুবেল।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসারদের ভালো করার বিষয়ে তার ভাষ্য, ‘গত কয়েক বছর ধরে পেসাররা ভালো বল করছে। বড় ভাইরা ভালো করছেন, এটা আমাদের জন্য মোটিভেশন। তাদের দেখে অনুপ্রেরণা পাই। আপনি যত খেলবেন তত অভিজ্ঞ হবেন। যেখানেই খেলি, সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!