ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রোনালদোর প্রস্তাব ফিরিয়ে দিলেন সেই প্রতিবন্ধী শিশুর মা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ১৫ এপ্রিল ২০২২
রোনালদোর প্রস্তাব ফিরিয়ে দিলেন সেই প্রতিবন্ধী শিশুর মা
ক্রিস্টিয়ানো রোনালদো

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সেই তিনিই কিনা ম্যাচ হারার হতাশায় রাগের মাথায় ভেঙে ফেললেন এক প্রতিবন্ধী শিশুর ফোন। আর এরপর থেকেই সিআর সেভেনকে পড়তে হয়েছে নানা সমালোচনার মুখে।

এদিকে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন রোনালদো। ওই প্রতিবন্ধী শিশুকে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা দেখার আমন্ত্রণও জানান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। কিন্তু তার এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সেই শিশুর মা।

প্রিমিয়ার লিগে গত শনিবার এভারটনের বিপক্ষে হারের পর মাঠ থেকে টানেলে ঢোকার সময় এক শিশুর হাত থেকে ফোন কেড়ে নেন রোনালদো। এরপর সেটি সজোড়ে মাটিতে চাপড় দেন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, যে দর্শকের ফোন ভেঙেছেন রোনালদো, সে আসলে প্রতিবন্ধী। ১৪ বছর বয়সী ছেলেটার নাম জেক। ওই ঘটনায় পর্তুগিজ সুপারস্টার কোনো অপরাধ করেছেন কিনা, তা নিশ্চিত হতে তদন্ত করছে মার্সিসাইড পুলিশ।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন রোনালদো। সেই সঙ্গে ওই দর্শককে ইউনাইটেডে খেলা দেখার আমন্ত্রণ জানান। রোনালদো বলেন, ‘আচমকা ক্ষিপ্ত হওয়ার জন্য আমি ক্ষমা চাই এবং যদি সম্ভব হয়, ফেয়ার-প্লে ও স্পোর্টসম্যানশিপের নিদর্শন হিসেবে এই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে একটি ম্যাচ দেখতে আমন্ত্রণ জানাতে চাই।’

কিন্তু রোনালদোর আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন ছেলেটির মা সারাহ কেলি। ‘লিভারপুল একো’ নামের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

তিনি বলেন, ‘ইউনাইটেড বিষয়টি খুবই বাজেভাবে সামলেছে। সত্যি বলতে, এতে পুরো পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কেউ রাস্তায় লাঞ্চিত করার পর যদি আমাদেরকে ডিনারের আমন্ত্রণ জানান, তাহলে আমরা কোনোভাবেই তা গ্রহণ করব না-আর এই বিষয়টাকে আমরা এভাবেই দেখছি।’

আরো বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো বলেছে বলেই আমরা তা করব কেন? বিষয়টা এমন যেন, আমরা তার একটা অনুগ্রহের জন্য ঋণী হয়ে আছি। কিন্তু দুঃখিত, আমরা তা নই।’

সারাহ কেলি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তার নয়, তার ছেলের এ বিষয়ে বলেন, ‘আমরা ইউনাইটেডে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। কারণ জেক সেখানে যেতে চায় না এবং সে রোনালদোকে দেখতে চায় না। সে স্পষ্ট করে জানিয়েছে। এগুলো আমার কথা নয়, আমার ছেলের কথা।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!