ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ইপিএলে সহজ জয়ে শীর্ষে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ৩ এপ্রিল ২০২২
ইপিএলে সহজ জয়ে শীর্ষে ম্যানসিটি
ম্যানচেস্টার সিটি দল

আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরে নিজেদের চেনা ফর্ম বজায় রাখল ম্যানচেস্টার সিটি। বার্নলির বিপক্ষে ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করে সহজেই হারিয়ে আবারো লিগ টেবিলের শীর্ষে ফিরেছে পেপ গার্দিওলার দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে বর্তমান শিরোপাধারীরা। কেভিন ডে ব্রুইন দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান ইকাই গুন্ডোগান।

ব্যবধান বাড়তে পারত আরো। কিন্তু দ্বিতীয়ার্ধে গাব্রিয়েল জেসুসের প্রচেষ্টা পোষ্টে লাগে। এদিকে এক ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল সিটি। আন্তর্জাতিক বিরতির আগে সবশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।

ম্যাচে অবশ্য প্রথম সুযোগটা পায় বার্নলি। তৃতীয় মিনিটে সতীর্থের ক্রসে ডি-বক্সের সামনে থেকে জশ ব্রাউনহিলের হেড পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। পরের মিনিটেই এগিয়ে যায় সিটি।

রদ্রির ক্রস ডি-বক্সে খুঁজে পায় রাহিম স্টার্লিংকে। এই ইংলিশ মিডফিল্ডারের পাসে বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন বেলজিয়ান তারকা ডে ব্রুইন। অষ্টম মিনিটে রদ্রির শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি বার্নলির গোলরক্ষক নিক পোপ। দুই মিনিট পর ভলি লক্ষ্যে রাখতে পারেননি অরক্ষিত স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

২৫তম মিনিটে দারুণ এক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ডে ব্রুইনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডান দিক থেকে ক্রস বাড়ান স্টার্লিং। ডি-বক্সে হাফ ভলিতে বাকিটা সারেন জার্মান মিডফিল্ডার গুন্ডোগান।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি সুযোগ আসে সিটির সামনে। জোয়াও কানসেলোর প্রচেষ্টা ফেরানোর পর গুন্ডোগানের শটও ঠেকান পোপ। ৬০তম মিনিটে উড়িয়ে মেরে হতাশ করেন ফিল ফোডেন। ৬৪তম মিনিটে ফোডেনের বদলি নামা জেসুস একটু পরই পান সুযোগ। স্টার্লিংয়ের পাসে তার শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। 

শেষ পর্যন্ত এই ব্যবধানেই মাঠ ছাড়ে ম্যানসিটি। ৩০ ম্যাচে ২৩ জয় ও ৪ ড্রয়ে সিটির পয়েন্ট হলো ৭৩। দিনের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডকে হারিয়ে ক্ষণিকের জন্য শীর্ষে উঠে আবার দুইয়ে নেমে গেছে লিভারপুল। সিটির সমান ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দলের ৭২ পয়েন্ট। ২৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে বার্নলি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!