ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

তাসকিন ঝড়ে অল্পতে গুটিয়ে গেল প্রোটিয়ারা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ-২২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৮, ২৩ মার্চ ২০২২
তাসকিন ঝড়ে অল্পতে গুটিয়ে গেল প্রোটিয়ারা
তাসকিন আহমেদ - আইসিসি

দক্ষিণ আফ্রিকা সফরের সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করে টাইগারদের বোলিং তোপে মাঠেই দাঁড়াতে পারেনি কোন স্বাগতিক ব্যাটার। অল্পতেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করে ৩৭ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

মেহেদী হাসান মিরাজের হাত ধরে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। এই অফ স্পিনার নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দিলেন বিধ্বংসী ওপেনার কুইন্টন ডি কককে।

মিরাজের আগের বল কাভার দিয়ে চার মারেন ডি কক। পরের বলটা তিনি ওড়াতে চেয়েছিলেন লং অফের ওপর দিয়ে। কিন্তু টাইমিং হয়নি ঠিকমতো। লং অফে সহজ ক্যাচ নেন মাহমুদউল্লাহ।

আগের ম্যাচে ঝড় তুলে ফিফটি করা ডি কক এবার ৮ বলে ২ চারে করেন ১২ রান। 

ব্যাটে নেমে টিকতে পারলেন না কাইল ভেরেইনা। তাকে ফিরিয়ে ইনিংসে নিজের প্রথম উইকেট পেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ পেল দ্বিতীয় সাফল্য।

তাসকিনের বলটা যদিও ভালো ছিল না। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করেন ভেরেইনা। বল তার ব্যাটে লেগে ভেঙে দেয় স্টাম্প।

পরপর দুই ওভারে দুই উইকেট পান তাসকিন আহমেদ। এবার তিনি ফিরিয়ে দিলেন ফিফটির সম্ভাবনা জাগানো ইয়েনামান মালানকে।ডানহাতি পেসারকে একটু বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন মালান। অফ স্টাম্পের বাইরে বাড়তি বাউন্স পাওয়া ডেলিভারি তার ব্যাটে ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। ফেরার আগে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ৩৯ রান।

টেম্বা বাভুমাকে ফিরিয়ে ইনিংসে নিজের প্রথম উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা।

বাঁহাতি স্পিনারকে বেশ আগেই সুইপ করতে যান ডানহাতি ব্যাটসম্যান। বল আঘাত হানে তার প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ১১ বলে করেন ২ রান।

দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম বলেই উইকেট পেলেন শরিফুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে ফিরিয়ে দিলেন রাসি ফন ডার ডাসেনকে। বাঁহাতি পেসারের বাড়তি বাউন্স পাওয়া বলটা বুঝতেই পারেননি ডানহাতি ব্যাটসম্যান। ব্যাটের ওপরের কানা ছুঁয়ে জমা পড়ে পয়েন্টে মেহেদী হাসান মিরাজের হাতে।

প্রথম স্পেলে দারুণ বোলিং করা তাসকিন আহমেদ দ্বিতীয় স্পেলের শুরুটাও করলেন দারুণ। ডোয়াইন প্রিটোরিয়াসকে ফিরিয়ে ইনিংসে নিজের তৃতীয় উইকেট নিলেন তিনি। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে যান প্রিটোরিয়াস। ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসে।

এবার একই ওভারে ডেভিড মিলার ও কাগিসো রাবাদাকে ফিরিয়ে পূর্ণ করলেন পাঁচ উইকেট। লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে ব্যাট চালিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন দক্ষিণ আফ্রিকার শেষ স্বীকৃত ব্যাটসম্যান মিলার। ৩১ বলে ২ চারে তিনি করেন ১৬ রান।

এক বল পরই পেতে পারতেন রাবাদার উইকেট। অল্পের জন্য স্লিপ ফিল্ডারের হাতে ক্যাচ যায়নি। পরের বলেই মেলে উইকেট। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করে কিপারের গ্লাভসে ক্যাচ দেন রাবাদা।

ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন তাসকিন। ২০১৫ সালে মিরপুরে অভিষেকেই ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ২৮ রানে।

একই সঙ্গে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে পাঁচ উইকেট পেলেন তিনি। ২০১২ সালে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার পর প্রথম কোনো সফরকারী পেসার দক্ষিণ আফ্রিকায় এই কৃতিত্ব দেখালেন।

এরপর ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট পেলেন সাকিব আল হাসান। এবার তিনি ফিরিয়ে দিলেন লুঙ্গি এনগিডিকে।

বাঁহাতি স্পিনারকে বেরিয়ে এসে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন এনগিডি। বল উঠে যায় আকাশে। মিড অফে ক্যাচ নেন বদলি ফিল্ডার নাজমুল হোসেন শান্ত।

শেষ ব্যাটসম্যান হিসেবে মহারাজ রান আউট হলে ৩৭ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৫৫ রান। রানের দুর্গ হিসেবে খ্যাতি পাওয়া সেঞ্চুরিয়ানে এ লক্ষ্য টপকাতে বেগ পাওয়ার কথা নয় বাংলাদেশ দলের।

টাইগার বোলারদের মধ্যে ৯ ওভারে ৩৫ রান দিয়ে তাসকিন নেন ৫ উইকেট। সাকিব আল হাসানের সংগ্রহ ২ উইকেট। একটি করে পান শরিফুল আর মিরাজ।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!