কাল দেশে ফিরছেন সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, শাশুড়ি ও তিন সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এ অবস্থায়ও আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ওয়ানডেটা খেলবেন সাকিব আল হাসান। তবে বিপর্যস্ত পরিবারের পাশে থাকতে কাল দেশে ফিরে আসছে সাকিব।
জোহানেসবার্গের দ্বিতীয় ওয়ানডের পর থেকেই। পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ায় সাকিব দেশে ফিরে আসবেন, নাকি দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গেই থেকে যাবেন, এ আলোচনা চলছে।
তবে তৃতীয় ওয়ানডের পরের দু-এক দিনের মধ্যে বিমান টিকিট পাওয়া যাচ্ছিল না বলে একবার ওয়ানডে সিরিজ শেষ না করেই তার দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা জেগেছিল।
পরে বিসিবি ২৪ মার্চ এমিরেটসের একটি ফ্লাইটে সাকিবের বিমান টিকিটের ব্যবস্থা করে। ওদিকে ঢাকায় অসুস্থ স্বজনদের শারীরিক অবস্থাও কিছুটা স্থিতশীল থাকায় সাকিব সিদ্ধান্ত নেন ওয়ানডে সিরিজ শেষ করেই দেশে ফেরার। সে অনুযায়ী তার জন্য টিকিটের ব্যবস্থা করে বিসিবি। সাকিব সেই ফ্লাইটেই ঢাকা ফিরছেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
দেশে ফিরে আসছেন বলে সাকিব ৩১ মার্চ থেকে ডারবানে শুরু প্রথম টেস্টে যে খেলছেন না, সেটি একরকম নিশ্চিত।
আর পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্টের আগে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরবেন কি না, সেটি নির্ভর করছে তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার ওপর। টেস্টে সাকিবের খেলার সিদ্ধান্তটা তাই তার ওপরই ছেড়ে দিয়েছে বিসিবি।
সাকিব দক্ষিণ আফ্রিকায় থাকা অবস্থায় তার অসুস্থ মা, শাশুড়ি ও সন্তানদের চিকিৎসার খোঁজখবর নিয়েছে বিসিবি এবং প্রয়োজনীয় সহযোগিতাও করেছে। সে কারণেই পরিবারের ওই অবস্থার মধ্যেও অন্তত ওয়ানডে সিরিজটা শেষ করে আসতে পারছেন সাকিব।
সূত্র- প্রথম আলো