ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

তাসকিনকে নিয়ে হার্শার উচ্ছ্বাস

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩১, ১৯ মার্চ ২০২২
তাসকিনকে নিয়ে হার্শার উচ্ছ্বাস
তাসকিন আহমেদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয়ে বড় অবদান রেখেছেন তাসকিন আহমেদ। গত বছর জাতীয় দলে ফেরার পর থেকেই ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন তিনি। এই পেসারকে নিয়ে এবার আশার বাণী ব্যক্ত করলেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। লিটন দাস, সাকিব আল হাসান ও ইয়াসির আলি রাব্বির অর্ধশতকে ভর করে সফরকারীরা পায় ৩১৪ রানের বড় সংগ্রহ।

এরপর বল হাতেও শুরু থেকেই ভালো করে বাংলাদেশ। সেই ধারা ধরে রেখে ৩৮ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে জয় দিয়ে সিরিজ শুরু করে টাইগাররা।

এ ম্যাচে ১০ ওভারে ৩৬ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন তাসকিন। তিনি ঝুলিতে পুরেছেন কাইল ভেরেইন, এইডেন মার্করাম ও ম্যাচের সর্বোচ্চ স্কোরার রাসি ফন ডার ডুসেনের উইকেট। একটি মেডেন ওভারও করেছেন এই ডানহাতি পেসার।

বাংলাদেশের ঐতিহাসিক জয়ের দিনে তাসকিনের এই পারফরম্যান্স আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে। টাইগারদের জয় ও তাসকিনের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হার্শা লিখেছেন, বাংলাদেশের জন্য দারুণ ফলাফল।

তিনি আরো লিখেছেন, আশা করি তাসকিন যে প্রতিশ্রুতি দেখিয়েছে তা পূরণ করতে পারবে। তাসকিন ও চামিরা (দুশমান্থ) তাদের জাতীয় দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এবং সাকিব যখন তিনে ব্যাট করে তখন বাংলাদেশ আরও শক্তিশালী হয়।

হার্শা যোগ করেন, আমি আগেও বলেছি, তাসকিন ও চামিরা যথাক্রমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে কীভাবে নেতৃত্ব দিতে পারে, কারণ তাদের পেস আছে। তাদের এভাবে আরও বেশি খেলা উচিত।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!