অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ হলেন রাজিন সালেহ
ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন রাজিন সালেহ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস।
তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ হবে ৫ মার্চ থেকে।
একই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে যাবে টাইগাররা। তবে এই সফরে যাবেন না রাজিন। জালাল ইউনুস জানান, ‘সে (রাজিন) দ. আফ্রিকা সফরে যাবে না। ওই সময় ঢাকা প্রিমিয়ার লিগ রয়েছে। দেশের ঐতিহ্যবাহী ঢাকা ভিত্তিক টুর্নামেন্টটির সূচি শুরু হবে ১৫ মার্চ থেকে। রাজিন এই প্রতিযাগিতায় কোচিং দলে থাকবেন।’
এর আগে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করেন মিজানুর রহমান বাবুল। দক্ষিণ আফ্রিকার রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন না করায় বিসিবি দায়িত্ব তুলে দেন স্থানীয় অভিজ্ঞ এই কোচের হাতে।
বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন জাতীয় দলে ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত ২৪ টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে ৩৮ বছর বয়সী সাবেক এই ব্যাটার শুরু করেন কোচিং ক্যারিয়ার। নিজের সময়ের সেরা ফিল্ডারদের একজন ছিলেন তিনি।