ভারতের কাছে হেরে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্নভঙ্গ বাংলাদেশ যুবাদের
যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, কিন্তু সেই শিরোপা ধরে রাখার সম্ভাবনা এবার মুছেই গেল বাংলাদেশের। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাটাও এসেছিল ভারতের বিপক্ষে জিতে। এবার দুইদল মুখোমুখি হয় কোয়ার্টার ফাইনালেই। যেখানে গেল আসরের প্রতিশোধ নিল টিম ইন্ডিয়ার যুবারা। লাল-সবুজের বিপক্ষে তাদের জয় ৫ উইকেটে।
বাংলাদেশ যুবাদের মাত্র ১১১ রানে জবাব দিতে নেমে শুরুতে একটু বিপদেই পড়েছিল ভারত। ৩ বলে ০ রান করে তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন হারনর সিং। এরপর দলের হাল ধরেন শেখ রশিদ ও আঙ্কিস রাঘুবংশী। দুজন মিলে গড়েন ৭০ রানের জুটি।
৫৯ বলে ২৬ রান করা শেখ রশিদকে রিপন মণ্ডল সাজঘরে ফেরালে এই জুটি ভেঙে যায়। এরপর রাঘুবংশীর সঙ্গী হন অধিনায়ক ইয়াশ ঢুল। কিছুক্ষণ পর ৬৫ বলে ৪৪ রান করা রাজবংশীও শিকার হন রিপনের।
আরো দ্রুত দুই উইকেট নিয়ে নেন তিনি। ম্যাচে ফেরার বার্তাই যেন দেয় বাংলাদেশ। কিন্তু বেশি কিছু করার ছিল না বোলারদের কারণ লক্ষ্যটাই ছিল অনেক কম।২৬ বলে ২০ রান করে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ভারতীয় অধিনায়ক ঢুল।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে কোনোমতে ১০০ রান পার করেই অলআউট হয়ে যায় বাংলাদেশের যুবারা। ৩৭ ওভার ১ বলে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় যুবাদের ইনিংস।
ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রাবি কুমারের বলে বোল্ড হয়ে ৪ বলে ২ রান করে আউট হন মাহফিজুল ইসলাম। ১৪ রানে ৩টি এবং ৩৭ রান তুলতে ইনিংসের অর্ধেক উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
একপর্যায়ে ৫৬ রানে ৭ উইকেট হারিয়ে চরম লজ্জার মুখে পড়তে যাচ্ছিল চ্যাম্পিয়ন যুবারা। তবে লোয়ার অর্ডারের এসএম মেহরব আর আশিকুর জামান কোনোমতে একটায় জায়গায় নিয়ে গেছে রানের চাকা। মেহরব ৪৮ বলে ৬ বাউন্ডারিতে ৩০ আর আশিকুর ২৯ বলে করেন ১৬ রান।
শেষ পর্যন্ত ১১১ রানেই থামতে হয় বাংলাদেশের যুবাদের। ভারতের পক্ষে ৩ উইকেট নেন রাবি কুমার। ৭ ওভারে মাত্র ১৪ রান দেন তিনি। ২ উইকেট শিকার করেন ভিকি ওস্তাল।