ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ফিফা দ্য বেস্ট: বাংলাদেশ থেকে কে কাকে ভোট দিয়েছেন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৪, ১৮ জানুয়ারি ২০২২
ফিফা দ্য বেস্ট: বাংলাদেশ থেকে কে কাকে ভোট দিয়েছেন
ফাইল ছবি

সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে ভার্চুয়ালি এক অনুষথানের মাধ্যমে প্রদান করা হয়েছে ফিফা দ্য বেস্ট পুরষ্কার। যেখানে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরার পুরষ্কার জিতেছেন রবার্ট লেভানদোভস্কি। দ্বিতীয় হয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, তৃতীয় মিসরের মোহাম্মদ সালাহ।

বিশ্বের সব জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও অনলাইনে ভক্তদের ভোট মিলিয়ে ফিফা দ্য বেস্ট পুরস্কার দেওয়া হয়েছে। এই ভোটাভুটিতে স্বাভাবিকভাবেই উঠে আসে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ। সমর্থকেরা সাধারণত ভোট দেন নিজেদের প্রিয় খেলোয়াড়কে। জাতীয় দলের কোচ, অধিনায়করা নিজের যে খেলোয়াড়ের জেতার সম্ভাবনা আছে, তাকে ভোট দেন। যিনি নিজেকে ভোট দিতে পারেন না, তিনি চেষ্টা করেন প্রতিদ্বন্দ্বী যেন ভোট না পান।

প্রতিবছরের মতো বাংলাদেশের পক্ষ থেকেও ফিফার এই ভোটে নিজেদের মত জানানো হয়েছে। আপনার মনে কি প্রশ্ন জাগছে, বাংলাদেশের কোচ ও অধিনায়কের চোখে সেরা কে?

ছেলেদের ফুটবলে ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন লেভানদোভস্কি, এটা তো জেনেই গেছেন। তবে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার চোখে তিনি সেরা নন। নিজে মিডফিল্ডার বলেই হয়তো চেলসির হয়ে এবার এনগোলো কান্তের খেলা আলাদাভাবে তার চোখে পড়েছে।

এ কারণে চ্যাম্পিয়নস লিগ জেতা মিডফিল্ডারকেই সেরা মনে হয়েছে জামালের। তার দ্বিতীয় সেরাও ফ্রান্সের খেলোয়াড়। রিয়ালের হয়ে দুর্দান্ত বছর কাটানো এবং নেশনস লিগ জয়ী করিম বেনজেমা হয়েছেন দ্বিতীয়। আর লেভানদোভস্কি তৃতীয়।

ফিফার ভোটাভুটি হয়েছে গত ২২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে বাংলাদেশ দলের কোচ কেউ ছিলেন না। তাই ভোট দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন ‘টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর’ পল স্মলি।

স্মলির চোখে সেরা লেভানদোভস্কিই। দুইয়ে আছেন কেভিন ডি ব্রুইনা। আর তিনে মো সালাহ। বাংলাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে সেরার ভোট পেয়েছেন লেভানদোভস্কি। দুই আর তিনে যথাক্রমে জর্জিনিও ও মেসি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!