ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ডাক মেরে ১৩৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ১৪ জানুয়ারি ২০২২
ডাক মেরে ১৩৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার

হোবার্টে আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট দ্বিপাক্ষিক সিরিজগুলোর একটি অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্ট। এই ম্যাচে অনন্য এক রেকর্ড করেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ডাক মেরে ১৩৪ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন তিনি।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ২১৫ রান করেছে অস্ট্রেলিয়া। ইনিংস উদ্বোধন করতে নেমে তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ২২ বল খেলে কোনো রান করেননি, অর্থাৎ 'ডাক' মেরে ফিরেছেন। আর এতেই তার নাম উঠে গেছে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে।

অ্যাশেজের ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নারের। এতদিন ধরে এই বিব্রতকর রেকর্ডটি ছিল স্যামি জোন্সের। দীর্ঘ ১৩৪ বছর আগে ১৮৮৮ সালের ফেব্রুয়ারিতে সিডনি টেস্টে তিনি ২০ বলে ০ করে আউট হয়েছিলেন।

এদিকে ওপেনার হিসেবে দুই দল মিলিয়ে অ্যাশেজে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার কীর্তি ইংল্যান্ডের ব্রায়ান লাকহাস্টের। ১৯৭১ সালে সিডনি টেস্টে তিনি ২৯ বল খেলেও কোনো রান করতে পারেনি।

এদিকে টেস্ট ক্রিকেটে যেকোনো পজিশনে ব্যাট করে সর্বোচ্চ বল খেলে ডাক মারার রেকর্ড নিউজিল্যান্ডের জিও অ্যালটের। ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অকল্যান্ড টেস্টে ১১ নম্বরে ব্যাট করতে নেমে এই রেকর্ডটি গড়েন তিনি।

আর সব দল মিলিয়ে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়া ক্রিকেটারও নিউজিল্যান্ডের। ১৯৯৫ সালে ডানেডিনে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ বলে ০ করেছিলেন ড্যারিন মারি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!