ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

নিউজিল্যান্ড থেকে মুশফিকের সঙ্গে দেশে ফিরলেন আরেকজন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫, ১৩ জানুয়ারি ২০২২
নিউজিল্যান্ড থেকে মুশফিকের সঙ্গে দেশে ফিরলেন আরেকজন
মুশফিকুর রহিম

তাসমান সাগরপাড়ের দেশ নিউজিল্যান্ডে সফল মিশন শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তার সঙ্গে ফিরেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। বুধবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ৯.১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়ে এবারই প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে তাদের মাঠে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যার ফলে শেষ টেস্ট হারলেও প্রথমবার সিরিজ ড্র করেছে টাইগাররা। সে হিসেবে বলা যায় সফল একটি সিরিজ শেষ করে ফিরলেন দু’জনে।

তবে বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি মুশফিক ও সুজনের কেউই। বেশ সাবধানে সংবাদমাধ্যমকে এড়িয়ে যান তারা। এই দুজন নিউজিল্যান্ড থেকে আগেভাগে ফিরে এলেও বাকিরা নির্ধারিত সময়ের আগে আসতে পারছেন না।

অর্থাৎ অধিনায়ক মুমিনুল হকসহ দলের বাকি সদস্যরা নিউজিল্যান্ড থেকে আগামী ১৪ জানুয়ারি দেশের উদ্দেশ্যে রওয়ানা করবেন। তারা দেশে এসে পৌঁছাবেন ১৫ জানুয়ারি।

সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৩ ফরম্যাট মিলিয়ে টানা ৩২ ম্যাচ পর এটাই কিউইদের বিপক্ষে টাইগারদের প্রথম জয়। কিন্তু দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চে এসে সব হিসেব পাল্টে দেয় টম ল্যাথামের দল। সিরিজ জয়ের স্বপ্ন দেখা মুমিনুল-লিটনদের তিন দিনেই হারিয়ে দেয় স্বাগতিকরা। ম্যাচটি বাংলাদেশ হারে ইনিংস আর ১১৭ রানের ব্যবধানে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!