ফ্লাডলাইটের আলোয় শুরু বিসিএল ফাইনালের লড়াই
দেশের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির প্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এই টুর্নামেন্টের শিরোপাটা যেন দক্ষিণাঞ্চলের সম্পত্তি হয়ে উঠেছে। শিরোপা ধরে রাখার মিশনে আজ মধ্যাঞ্চলের মুখোমুখি হয়েছে তারা। প্রথম শ্রেণির ডে ম্যাচ হলেও খেলাটি শুরু হয়েছে ফ্লাডলাইটের আলোতে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেয় স্টেডিয়ামে আজ সকাল সাড়ে নয়টায় শুরুর কথা থাকলেও ভোরের কুয়াশার কারণে কিছুটা দেরি করেই খেলা শুরু হয়েছে। দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের ফাইনালে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে মধ্যাঞ্চল।
আরো পড়ুন: নিউজিল্যান্ডে বছরের দ্বিতীয় দিনটা বাংলাদেশের
দক্ষিণাঞ্চলের ব্যাটিংয়ের শুরুটা মন্দ হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ৮৬ রান তুলেছে তারা। ফেবারিট হিসেবে খেলতে নামা দক্ষিণাঞ্চল এখন পর্যন্ত পাঁচবার শিরোপা জিতেছে। ফাইনাল খেলেছে সবশেষ চারবারই। হ্যাটট্রিক শিরোপাও আছে তাদের।
এবারের বিসিএলে ফাইনালের পোশাকি মহড়াটা অবশ্য কিছু দিন আগেই হয়ে গেছে। চট্টগ্রামে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের লড়াইটা সেখানে অমীমাংসিতই থেকে গেছে। এই ম্যাচে তবে জয়ের পাল্লাটা হেলে আছে দক্ষিণাঞ্চলের দিকেই।
আরো পড়ুন: ২০২২ সালে ফুটবলের উল্লেখযোগ্য কয়েকটি তারিখ
এক নজরে দুই দলের একাদশ:
দক্ষিণাঞ্চল: পিনাক ঘোষ, এনামুল হক, কামরুল ইসলাম, ফরহাদ রেজা (অধিনায়ক), নাসুম আহমেদ, অমিত হাসান, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান, জাকির হাসান, মেহেদী হাসান রানা, রিশাদ হোসেন।
মধ্যাঞ্চল: শুভাগত হোম (অধিনায়ক), তাইবুর রহমান, আবু হায়দার, সৌম্য সরকার, মুকিদুল ইসলাম, আবদুল মজিদ, হাসান মুরাদ, রবিউল হক, সালমান হোসেন, জাকির আলী, মোহাম্মদ মিঠুন।