ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

স্বাধীনতা কাপ ফাইনাল: প্রথমার্ধে গোলের দেখা পায়নি আবাহনী-বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫১, ১৮ ডিসেম্বর ২০২১
স্বাধীনতা কাপ ফাইনাল: প্রথমার্ধে গোলের দেখা পায়নি আবাহনী-বসুন্ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

স্বাধীনতা কাপের ফাইনালে মুখোমুখি হয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আবাহনী। দেশের ঘরোয়া ফুটবলের দুই পরাশক্তির খেলা জমলো ম্যাচের শুরু থেকেই। নিজ নিজ সমর্থকদের সমর্থনে দুই দলই খেললো আক্রমণাত্মক খেলা। তবে প্রথমার্ধে কেউই গোলের দেখা পায়নি।

শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে জোনাথনের পরিবর্তে শুরু থেকেই খেললেন ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। কিন্তু ব্রাজিলিয়ান মিডফিল্ডারের অভাবটা প্রথমার্ধে ভালোই টের পেয়েছে বসুন্ধরা।

পুলিশকে শেষ সময়ের গোলে হারিয়ে ফাইনালে এসেছে বসুন্ধরা। কিন্তু সেই ম্যাচে দলটি হারিয়েছে তাদের আক্রমণের প্রাণ জোনাথন ফার্নান্দেজকে।

বলের দখলটা প্রথম ৪৫ মিনিটে তুলনামূলক বেশিই দখলে রেখেছিল আবাহনী। নিজেদের রক্ষণ সামলে তবেই আক্রমণে গেছে বসুন্ধরা। ২২ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে বসনিয়ান স্টোয়ান ভ্রানিয়েসের দূরপাল্লার এক শট ঠেকিয়ে দেন আবাহনী গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম।

পাল্টা জবাবটা আবাহনী দিয়েছে চার মিনিট পরেই। ইরানিয়ান সতীর্থ মিলাদ শেখের রক্ষণচেরা এক পাস থেকে বসুন্ধরা গোলরক্ষক জিকোকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি আবাহনী অধিনায়ক রাফায়েল অগাস্তো। 

৩০ মিনিটের মাথায় ধাক্কা বসুন্ধরা শিবিরে চোটে মাঠ ছাড়েন মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। পরের মিনিটে তার বদলী হিসেবে নামানো হয় বিশ্বনাথ ঘোষকে। ৩৮ মিনিটে রাফায়েলের ক্রস থেকে ডারিলটনের হেড ঠেকিয়ে দেন জিকো।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!