ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

আকাশছোঁয়া মূল্যে বিক্রি হলো ব্র্যাডম্যানের সেই ঐতিহাসিক ব্যাট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩২, ১৪ ডিসেম্বর ২০২১
আকাশছোঁয়া মূল্যে বিক্রি হলো ব্র্যাডম্যানের সেই ঐতিহাসিক ব্যাট
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্যার ডন ব্র্যাডম্যান অবিসংবাদিতভাবে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। মাত্র ৫২ টেস্টের ক্যারিয়ারে ২৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এর মাঝে দুটি ছিল ট্রিপল সেঞ্চুরি। টেস্টে তিন শতাধিক রানের ইনিংস খেলা ব্র্যাডম্যানের সেই ব্যাটটি আকাশছোঁয়া মূল্যে বিক্রি হয়েছে।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দুটি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ব্র্যাডম্যান। তার টেস্ট ক্যারিয়ারে গড় অবিশ্বাস্য; ৯৯.৯৪! ব্র্যাডম্যানের দুই ট্রিপল সেঞ্চুরির দ্বিতীয়টি (৩০৪ রান) করেছিলেন যেই ব্যাট দিয়ে, সেটি সম্প্রতি নিলামে উঠেছিল।

গত দুই দশকের বেশি সময় ধরে বাউরালের ব্র্যাডম্যান জাদুঘরে সেই ব্যাট রাখা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা সেটিকে আড়াই লাখ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে কিনে নিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৫২ লাখ টাকার সমান।

তবে ব্যাটটি নিজের কাছে রাখবেন না সেই ক্রেতা। বরং ইন্টারন্যাশনাল ক্রিকেট হল অব ফেমে (আইসিএইচএফ) প্রদর্শনীর জন্য সেটি দান করে দেবেন তিনি। বিষয়টি আইসিএইচএফের মুখপাত্র রিনা হোর নিশ্চিত করেছেন।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য এজকে রিনা হোর জানিয়েছেন, সেই ক্রেতা শুধু খোঁজ নিয়েছিলেন যে ব্যাটটি আইসিএইচএফে রাখা যাবে কি না। ব্র্যাডম্যানের এই অমূল্য স্মৃতি রাখার সিদ্ধান্ত নিতে দুইবার ভাবেনি আইসিএইচএফ।

১৯৩৪ সালের ইংল্যান্ড সফরে ‘দ্য উইলিয়াম সাইক ও সন’ ব্যাটটি ব্যবহার করেছিলেন ব্র্যাডম্যান। সফর শেষে তিনি ব্যাটে লিখে রাখেন, ‘এই ব্যাট দিয়ে ১৯৩৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে ৩০৪ ও ওভালে ২৪৪ রান করেছি আমি।’

লিডসের হেডিংলিতে করা ৩০৪ রানের ইনিংসটি ব্র্যাডম্যানের ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে ২৪৪ রানের ইনিংস খেলার পথে দ্বিতীয় উইকেট জুটিতে বিল পনসফোর্ডের (২৬৬) সঙ্গে মিলে ৪৫১ রান করেছিলেন ব্র্যাডম্যান। যা ছিল তৎকালীন রেকর্ড।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!