করোনায় রোনালদোদের ম্যাচ স্থগিত
২০২০ সালের মে মাস থেকে প্রিমিয়ার লিগে নিয়মিত করোনা পরীক্ষা শুরু হবার পর গতকাল রেকর্ড ৪২ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। তারই জের ধরে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ব্রেন্টফোর্ডের মধ্যকার ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আজ থেকে ওল্ড ট্রাফোর্ডের অনুশীলন সুবিধাও বন্ধ করে দেয়া হয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের এক বিবৃতিতে বলা হয়েছে, মেডিকেল অধিদপ্তরের পরামর্শ অনুসারেই ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রিমিয়ার লিগে বেশ কিছু ক্লাবেই করোনা হানা দিয়েছে। সম্প্রতি তা ছড়িয়ে পড়েছে ইউনাইটেড শিবিরে। সে কারণেই ক্যারিংটনের ট্রেনিং কমপ্লেক্স বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এ কারণে ইউনাইটেডর তাদের সিনিয়র দলের সকল কার্যক্রম আগামী ২৪ ঘন্টার জন্য স্থগিত করেছে। ইতোমধ্যেই বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ পজিটিভ হবার তথ্য ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
অ্যাস্টন ভিলা ও ব্রাইটনও সোমবার তাদের শিবিরে করোনা পজিটিভ হবার তথ্য নিশ্চিত করেছে। এ সপ্তাহে নির্ধারিত তাদের ম্যাচগুলো নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
ইউনাইটেডের বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে ক্যারিংটনের কার্যক্রম একদিনের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। ইতোমধ্যেই আক্রান্ত খেলোয়াড় ও স্টাফদের প্রিমিয়ার লিগের প্রোটোকল অনুযায়ী আইসোলেশনে রাখা হয়েছে। ট্রেনিং সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় ও খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ক্লাবের পক্ষ থেকে আজকের ব্রেন্টফোর্ড মাঠের ম্যাচটি আমরা বাতিলের আবেদন জানিয়েছিলাম। মেডিকেল পরামর্শকদের সাথে আলোচনা করে প্রিমিয়ার লিগ বোর্ড ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেয়। ম্যাচটি স্থগিত হওয়ায় উভয় ক্লাবের সমর্থকদের কাছে ইউনাইটেড দু:খ প্রকাশ করছে।’
ব্রিটেনে সম্প্রতি করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ব্যপক হারে ছড়িয়ে পড়েছে। আর এতে বাধ্য হয়ে যুক্তরাজ্য সরকার কঠোর কোভিড প্রোটোকল মেনে চলার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলো একের পর এক আক্রান্ত হচ্ছে।
এর আগে উত্তর লন্ডনের ক্লাব টটেনহ্যাম হটস্পার্সে করোনা হানা দেয়ায় রোববার ব্রাইটনের বিপক্ষে ম্যাচটি বাতিল হয়ে যায়। স্পার্স কোচ এন্টোনিও কন্টে নিশ্চিত করেছিলেন আটজন খেলোয়াড় ও পাঁচজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে রেনের বিপক্ষে ইউরোপা কনফারেন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও স্থগিত হয়ে যায়। নতুন কোন তারিখ নির্ধারিত না হওয়ায় রেনেকে ৩-০ গোলে বিজয়ী ঘোষনা করে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় উয়েফা।
ইউনাইটেডের সোমবার দেয়া বিবৃতির কয়েক মুহূর্ত আগে ভিলা ম্যানেজার স্টিভেন জেরার্ডও তার ক্লাবে করোনা পজিটিভ হবার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও নরউইচের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি স্থগিতের এখনো কোন ঘোষনা আসেনি। জেরার্ড নিশ্চিত করেছেন দুজন করে খেলোয়াড় ও স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। এ কারনে রোববার ভিলা তাদের অনুশীলন বাতিল করে। যদিও ক্যারো রোড সফরকে সামনে রেখে সোমবার তারা স্বাভাবিক অনুশীলনই করেছে।
ব্রাইটন ম্যানজোর গ্রাহাম পটার জানিয়েছেন তাদের ক্লাবে তিন থেকে চারজন করোনা পজিটিভ হতে পারেন। আগামীকাল উল্ফসের বিপক্ষে তাদের ম্যাচটি নিয়ে ইতোমধ্যেই শঙ্কা দেখা দিয়েছে।
এর আগে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের পক্ষ থেকে প্রতিটি ক্লাবকে আবারো কোভিড-১৯’র জরুরী পদক্ষেপগুলো কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে সামাজিক দূরত্ব, মাস্ক পরিধানের বিষয়গুলো রয়েছে।