ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

বড় ব্যবধানে জিতে অ্যাশেজে অস্ট্রেলিয়ার শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৩, ১১ ডিসেম্বর ২০২১
বড় ব্যবধানে জিতে অ্যাশেজে অস্ট্রেলিয়ার শুভ সূচনা
অস্ট্রেলিয়া দল

ব্রিসবেনের গ্যাবায় ঐতিহ্যবাহী দ্য অ্যাশেজের প্রথম টেস্টে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে তারা। ম্যাচের চতুর্থ দিনেই শেষ হয়েছে খেলা। যেখানে কোনো প্রতিরোধই গড়তে পারেনি জো রুটের দল।

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পরে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের অধিনায়ক রুট ও ব্যাটার ডেভিড মালান রান পেলেও বাকিরা যোগ্য সঙ্গ দিতে পারেননি। রুট ৮৯ ও মালান ৮২ রান করেন। বাকিদের মধ্যে সর্বোচ্চ ২৩ রান করেন জস বাটলার। ম্যাচের চতুর্থ দিন সকালে মাত্র ৭৭ রানে ৮ উইকেট হারায় ইংল্যান্ড। 

দ্বিতীয় ইনিংসে ২৯৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন নেন ৪ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেটের পরে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। ক্যামেরন গ্রিনও নেন ২ উইকেট। এছাড়া মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড ১টি করে উইকেট পান।

চতুর্থ ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ২০ রান। মার্কাস হ্যারিসের সঙ্গে ওপেন করতে নামেন অ্যালেক্স ক্যারি। অবশ্য ১০ উইকেটে জয় আসেনি। ক্যারি ৯ রান করে আউট হন। ষষ্ঠ ওভারের প্রথম বলেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ৫ ম্যাচের অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

এর আগে প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪২৫ রান করে। ১৫২ রান করেন বাঁ হাতি ব্যাটার ট্রেভিস হেড। প্রথম ইনিংসে যে বিশাল লিড অস্ট্রেলিয়া নিয়েছিল তাতেই ম্যাচ তাদের দখলে চলে যায়। ফলে চার দিনে সহজেই ম্যাচ জিতে যায় তারা। এতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই বড় জয় পেলেন প্যাট কামিন্স।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!