ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চলতি বছর কোহলির চেয়েও বেশি রান করেছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩০, ২৬ নভেম্বর ২০২১
চলতি বছর কোহলির চেয়েও বেশি রান করেছেন লিটন
লিটন দাস

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এই ম্যাচে দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। এর মাধ্যমে ২০২১ সালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেলেছেন তিনি।

সাগরিকায় প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুমিনুল হক। তবে শুরুতেই চার উইকেট হারিয়ে অধিনায়কের সেই সিদ্ধান্তের ফায়দা উঠাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ভরাডুবির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল টাইগাররা।

দলকে এমন অবস্থা থেকে টেনে তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে সারাদিনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। দিন শেষে লিটন অপরাজিত আছেন ১১৩ রানে।

Advertisement

এর মাধ্যমে চলতি বছর রান সংগ্রাহকদের তালিকায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেলেছেন লিটন।

সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ারের সবচেয়ে বাজে বছর কাটালেও লাল বলের ক্রিকেটে ক্যারিয়ারের সবচেয়ে মধুর সময় কাটাচ্ছেন লিটন দাস। মাত্র ৯ ইনিংসে ব্যাট করে ২০২১ সালে এখন পর্যন্ত তার সংগ্রহ ৪৮৩ রান। 

লিটনের চেয়ে ৬ ইনিংস বেশি ব্যাট করে ২০২১ সালে এখন পর্যন্ত ৪৪৭ রান করেছেন কোহলি। লিটনের ইনিংস সর্বোচ্চ যেখানে ১১৩*, সেখান বিরাট কোহলি এক ইনিংসে করেছেন সর্বোচ্চ ৭২ রান।

২০২১ সালের শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় লিটন কুমার দাস এখন আছেন ১২ নম্বর স্থানে। তালিকার প্রথম স্থানে থাকা ইংলিশ ব্যাটার জো রুট এ বছর সর্বমোট ২৩ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। 

উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে লিটন কুমার দাস আছেন দুই নম্বরে। তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও শ্রীলঙ্কার নিরোশান ডিকওয়ালাকে ৷ তার সামনে এখন আছেন শুধু ভারতের রিশাভ পান্ট। ১৯ ইনিংসে এ বছর ৭০৬ রান করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!