ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

আইসিসির চেয়ারম্যান হলেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৬, ১৭ নভেম্বর ২০২১
আইসিসির চেয়ারম্যান হলেন সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে এতদিন কাজ করেছেন অনিল কুম্বলে। এবার এই পদে স্থলাভিষিক্ত হয়েছেন তারই সাবেক সতীর্থ ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী। বুধবার এই কমিটিতে তার চেয়ারম্যান হওয়ার খবর নিশ্চিত করেছে আইসিসি।

২০১২ সালে আইসিসির এই দায়িত্ব পেয়েছিলেন কুম্বলে। ক্যারিবীয় কিংবদন্তি ক্লাইভ লয়েডের কাছ থেকে এই দায়িত্ব পেয়েছিলেন তিনি। ২০১২ সালের পর ২০১৬ সালে দ্বিতীয়বারের জন্য আবারো দায়িত্ব পেয়েছিলেন ভারতীয় এই কিংবদন্তি।

২০১৯ সালে পুর্ননির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো এই দায়িত্ব পেয়েছিলেন কুম্বলে। দীর্ঘ ৯ বছর ধরে ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলানোর পর এবার তিনি সৌরভ গাঙ্গুলীকে রাস্তা করে দিয়েছেন।

আধুনিক ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়ে থাকে এই কমিটি। যারা ক্রিকেটের নিয়ম-নীতিসহ বিভিন্ন বিষয়ে আইসিসির প্রধান নির্বাহীদের কমিটিকে সুপারিশ প্রেরণ করে থাকে। সেসব সুপারিশ পরে বোর্ড সভায় আলোচনা করে চূড়ান্ত করে থাকে আইসিসি।

গাঙ্গুলী এমন গুরুত্বপূর্ণ পদে বসায় ভীষণ উচ্ছ্বসিত আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তিনি বলেন, ‘আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে গাঙ্গুলীকে স্বাগত জানাই। বিশ্ব সেরা ক্রিকেটারদের একজন ও পরে প্রশাসক হিসেবে তার যে অভিজ্ঞতা, আশা করি ক্রিকেটের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে সেগুলো আমাদের অনেক সহায়তা করবে।’

এ সময় দীর্ঘ ৯ বছর অনিল কুম্বলের অসামান্য নেতৃত্বগুণাবলীরও প্রশংসা করেন বার্কলে। তিনি বলেন, ‘সন্দেহজনক বোলিং অ্যাকশন চিহ্নিতকরণে বলিষ্ঠ একটি প্রক্রিয়া ঠিক করে ও ম্যাচে ডিআরএসের ধারাবাহিক ও নিয়মিত ব্যবহার নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেটের উন্নতি সহ নয় বছর ধরে অসাধারণ নেতৃত্ব দেওয়ায় অনিলকেও ধন্যবাদ জানাচ্ছি।’

৪৯ টেস্ট ও ১৪৭ ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেওয়া সৌরভ ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআই প্রধান হিসেবে কাজ শুরু করেন। এর আগের পাঁচ বছর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতির পদে ছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!