‘প্যান্ডোরা পেপারস’ কেলেঙ্কারি: বাদ গেলেন না শচীনও
নামীদামি ব্যক্তিদের আর্থিক কেলেঙ্কারি ফাঁস করে বছর কয়েক আগে বিশ্বে তোলপাড় তুলেছিল পানামা পেপারস। সম্প্রতি একই ধরণের নতুন আরেকটি নথি প্রকাশ পেয়েছে, যার নাম ‘প্যান্ডোরা পেপারস’। এখানে রয়েছে বিশ্বনেতাদের গোপন আর্থিক লেনদেনের তথ্য। এই তালিকায় বাদ যাননি বিশ্বক্রিকেটের অন্যতম বড় তারকা শচীন টেন্ডুলকারও।
অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা আইসিআইজে ‘প্যান্ডোরা পেপারস’ নামের এই গোপন নথি প্রকাশ করেছে। এখানে বিখ্যাত ব্যক্তিদের ছদ্মবেশী ব্যাংক অ্যাকাউন্ট, বিদেশি প্রতিষ্ঠানে বিনিয়োগসহ বিভিন্ন গোপন আর্থিক লেনদেনের মুখোশ উন্মোচিত হয়েছে।
বিশ্বনেতা ও তারকাদের ভেতর কে কে বিদেশে নিজেদের নাম, পরিচয় গোপন করে ব্যক্তিগত উড়োজাহাজ, বাড়ি, ইয়াট ইত্যাদি কিনেছেন, সেসবেরও তথ্য আছে প্যান্ডোরা পেপারসে। এমনকি এখানে আছে বিখ্যাত শিল্পীদের (পিকাসো, বাঙ্কসি) চিত্রকর্মের গোপন মালিকদের তথ্যও!
শচীন টেন্ডুলকার ছাড়াও গোপন এই নথিতে যেসব বিখ্যাত ব্যক্তির নাম আছে তাদের মধ্যে আছেন পপ তারকা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফার। ইতালির কুখ্যাত মাফিয়া ডন রাফায়েল আমাতোও এই তালিকা থেকে বাঁচতে পারেননি।
প্যান্ডরা পেপারসে শচীনের নাম আসায় বিস্মিত তার আইনজীবী। তিনি জানিয়েছেন, শচীন টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে। কিন্তু কোনো বিনিয়োগই গোপন নয়। তিনি বলেন, ‘টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে। তবে সব বিনিয়োগই বৈধ ও আইনসিদ্ধ। যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েই সেই বিনিয়োগ করা হয়েছে।’
২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর একসময় ভারতের রাজ্যসভার সদস্য ছিলেন টেন্ডুলকার। রাজ্যসভা হচ্ছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ। প্যান্ডোরা পেপারসে শুধু এই সাবেক ক্রিকেটারের নামই নয়, তার পরিবারের সদস্যদের নামও এসেছে। সেখানে বলা হয়েছে, টেন্ডুলকারের পরিবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল। ২০১৬ সালে সেই বিনিয়োগের টাকা তুলে নেয়া হয়।
এই তালিকায় শচীনের স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও শ্বশুর আনন্দ মেহতার নামও আছে। প্যান্ডোরা পেপারসের তথ্যানুযায়ী, ২০১৬ সালে সেই প্রতিষ্ঠানের বিনিয়োগ নগদীকরণের সময় শচীন টেন্ডুলকারের ৯, অঞ্জলির ১৪ ও আনন্দ মেহতার ৫টি শেয়ার ছিল। টেন্ডুলকারের শেয়ারের মূল্য ৮ লাখ ৫৬ হাজার ৭০২, অঞ্জলির ১৩ লাখ ৭৫ হাজার ৭১৪ ও শ্বশুরের শেয়ারের মূল্য ৫ লাখ ৫৩ হাজার ৮২ মার্কিন ডলার।