শামি এখন বিরিয়ানির দোকানদার!
ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ দশামিকে বাইশ গজেই দেখে এসেছেন সবাই। তবে এবার তাকে দেখা গেল নতুন রূপে। মাথায় রাঁধুনির টুপি, গলা থেকে ঝুলছে এপ্রোন। বলা যায় পুরোদস্তুর রাঁধুনির বেশে তিনি। কারণ একটাই, এবার তিনি খুলেছেন বিরিয়ানির দোকান!
এরই মধ্যে দোকানের নামও প্রকাশ করেছেন মোহাম্মদ শামি। তার এই দোকানের নাম, শামি বিরিয়ানি সেন্টার। এই পেসারের প্রকাশ করা ছবিতে লেখা আছে দিনের সেরা খাবারের তালিকাও।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন শামি। সেখানে দেখা যায়, তার হাতে রয়েছে থালা। তবে তাতে বিরিয়ানি নয়, রয়েছে অনেক সাদা বল। খাবারের তালিকায় রয়েছে, ডট বল বিরিয়ানি, ইনসুইং ইয়র্কার, স্পিড বাউন্সার। ব্যাটসম্যানদের জন্য এমনই বিরিয়ানি সাজিয়ে রেখেছেন তিনি।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের হয়ে খেলতে ব্যস্ত শামি। এরপর টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে মাঠে নামবেন এই পেসার। লাল বল হাতে নিয়মিত সুযোগ পান তিনি। এবার অস্ত্র তৈরি করছেন সাদা বলেও। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামার আগে যেন নিজের সেই অস্ত্রভাণ্ডারই দেখিয়ে দিলেন এই পেসার।
উল্লেখ্য, শামির বিরিয়ানি প্রেম অজানা নয়। মায়ের হাতের বিরিয়ানি খেতে অনেক পছন্দ করেন তিনি। এবার এই পেসার বিরিয়ানির থালাতে সাজিয়ে দিলেন নিজের অস্ত্র।