গালে পতাকা এঁকে ক্রিকেট মাঠে রশিদ খান
ইংল্যান্ডে চলমান দ্য হানড্রেড টুর্নামেন্টে খেলছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। শুক্রবার দেশপ্রেমের মন্ত্র নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। এদিন মুখে আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত সরকারের পতাকা গালে এঁকে মাঠে নেমেছিলেন এই ক্রিকেটার।
টুর্নামেন্টের এলিমিনেটরে রশিদ খানের দল ট্রেন্ট রকেটস মুখোমুখি হয়েছিল সাউদার্ন ব্রেভের। এদিন ব্যাট-বলে খুব একটা আলো ছড়াতে পারেননি এই আফগান লেগ স্পিনার। ম্যাচে হেরেছে তার দলও। কিন্তু এই ম্যাচে সবার নজর কেড়েছে রশিদের গালে আঁকা দেশপ্রেমের বার্তা।
গত রোববার আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান বাহিনী। তাদের শাসন ব্যবস্থা নিয়ে দেশটির মানুষদের জীবন নিয়ে দেখা দিয়েছে নানান শঙ্কা। শঙ্কিত রশিদ খানও। এর আগে তালেবান কাবুলের দখল নেয়ার পর আফগানিস্তানে থাকা নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন তিনি।
এর আগে নিজ জন্মভূমির শান্তির জন্য পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের কাছে আহ্বান জানিয়েছিলেন রশিদ। গত পরশু আফগানিস্তানের স্বাধীনতা দিবসেও টুইট করেন তিনি। যেখানে মূল কথা ছিল- শান্তি। উন্নতি করতে থাকা একতাবদ্ধ আফগানিস্তানের স্বপ্ন।
গতকাল সাউদার্ন ব্রেভের বিপক্ষে ব্যাট হাতে ৯ বলে ২ রান করে আউট হয়েছেন রশিদ। তার দল ট্রেন্ট রকেটসও অলআউট হয়েছে মাত্র ৯৬ রানে। এরপর বোলিংয়ের সময় দুই গালে আফগানিস্তানের কালো-লাল-সবুজ রঙের পতাকা এঁকে মাঠে নামেন এই লেগস্পিনার।
বল হাতে এদিন বেশ খরুচে ছিলেন রশিদ। ১৫ বলে দিয়েছেন ২৬ রান, পাননি উইকেটও। মঈন আলীর সাউদার্ন ব্রেভ ম্যাচটা ৫ ওভার আগেই ৭ উইকেটে জিতে উঠে যায় ফাইনালে।