তিন ইংলিশ ফুটবলারকে উদ্দেশ্য করে বর্ণবাদের অভিযোগ
ইউরোর ফাইনালে ইংল্যান্ডের হয়ে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছেন মার্কাস রাশফোর্ড, জ্যাডোন সাঞ্চো ও বুকায়ো সাকা। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিনজনকে নিয়েই চলছে বর্ণবাদী ট্রল। বিষয়টি জানার পর বেশ ক্ষুব্ধ ইংল্যান্ড ফুটবল ফেডারেশন। এরই মধ্যে তদন্ত শুরু করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে ইউরোর ফাইনালে ইতালির বিপক্ষে পেনাল্টি নিতেই রাশফোর্ড ও সাঞ্চোকে মাঠে নামানো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, ইতালি গোলরক্ষক দোন্নারুমা সাঞ্চোর শট ঠেকিয়ে দেন। অন্যদিকে গোলপোস্টের বাইরে বল পাঠিয়ে দেন রাশফোর্ড।
শেষ শটে গোল হলে সমতায় থাকত ইংল্যান্ড। কিন্তু সাকার শটও বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন দোনারুম্মা। ফলে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় ইংল্যান্ডের। ইউরো চ্যাম্পিয়ন হয় ইতালি।
এরপর থেকে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে তাদের নিয়ে ইংল্যান্ডের উগ্র সমর্থকরা বর্ণবাদী ট্রল শুরু করে। তাদের গায়ের রঙ উল্লেখ করে অনেকে ট্রল করতে থাকেন।
এমন পরিস্থিতিতে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন থেকে এক বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এই গ্রীষ্মে আমাদের স্কোয়াডের খেলোয়াড়রা ইংল্যান্ডের জার্সির জন্য নিজেদের সর্বোচ্চ নিংড়ে দিয়েছে। অথচ খেলা শেষে তারাই বৈষম্যমূলক আচরণের শিকার। আমরা আমাদের খেলোয়াড়দের পাশে আছি।’
এবারের ইউরোর পুরো টুর্নামেন্টেই বর্ণবাদের বিরুদ্ধে সরব ছিল ইংল্যান্ড স্কোয়াড। খেলার আগে এ ব্যাপারে হাঁটু গেড়ে নিজেদের অবস্থান জানায় তারা।