শাস্তি পেলেন ব্রেন্ডন টেইলর
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি ইনিংস ও ১৪৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। ম্যাচ হারের পর শাস্তি পেয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর।
হারারেতে সিরিজের দ্বিতীয় টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন টেইলর। সেই কারণে আনুষ্ঠানিক তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। গত ২৪ মাসের মধ্যে এটি টেইলরের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট।
ম্যাচের তৃতীয় দিন ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলো জিম্বাবুয়ে। সে সময় টেইলর ও রেজিস চাকাভা দারুণ এক জুটি গড়ে জিম্বাবুয়েকে ইনিংস হার থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন।
শাহীন শাহ আফ্রিদির করা ইনিংসের ৩৭তম ওভারে টেইলরের কট বিহাইন্ড আউটের আবেদন করে পাকিস্তান। সঙ্গে সঙ্গেই তাদের আবেদনে সাড়া দেন আম্পায়ার। তখন আম্পায়ারের দিকে ইঙ্গিত করে টেইলর বলছিলেন, বল তার থাই প্যাডে আঘাত করেছে। এরপর মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন এ ব্যাটার।
ম্যাচ শেষে টেইলরের বিরুদ্ধে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ করেছিলেন আম্পায়াররা। টেইলর তার দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।