ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

হারিয়ে গেছেন নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২০, ৮ মে ২০২১
হারিয়ে গেছেন নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার!
কেন উইলিয়ামসন

অনেকটা হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে গেছেন কেন উইলিয়ানসন সহ নিউজিল্যান্ড ক্রিকেট টিমের চার সদস্য। এর মাঝে রয়েছেন তিন জন ক্রিকেটার, অপরজন ফিজিও। তারা এখন কোথায় আছেন, কী করছেন, কিছুই জানে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)!

খোঁজ না পাওয়া তিন ক্রিকেটার হলেন কেন উইলিয়ামসন, কাইল জেমিসন ও মিচেল স্যান্টনার। ফিজিওর নাম টমি সিমসেকের।

আইপিএল বাতিল হয়ে যাওয়ার পর বিদেশি ক্রিকেটাররা যে যার দেশে ফিরে গেছেন। অস্ট্রেলিয়ানরা আপাতত গেছেন মালদ্বীপে। সেখান থেকে তাদের দেশে ফেরার কথা। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সরাসরি ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল। ভারতের বিরুদ্ধে তাদের ফাইনাল খেলার কথা।

এ কারণে দিল্লিতে ছোট একটি জৈব সুরক্ষা বলয় তৈরি করে উইলিয়ামসনদের রাখা হয়েছিল। তাদের সুরক্ষিতভাবে রাখার যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ঠিক করা ছিল, যতদিন না তারা সরাসরি ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন তত দিন ভারতেই থাকবেন। 

শুক্রবার হঠাৎ করেই শোনা যায়, নিউজিল্যান্ডের এই চার সদস্য লাপাত্তা। তারা নাকি ভারতেই নেই! জানা গেছে, ভারতের করোনা পরিস্থিতি দেখে তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে মালদ্বীপে চলে গেছেন। তবে এই বিষয়ে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডকে কিছুই জানাননি তারা।

এ বিষয়ে আইপিএলের এক কর্তা বলেছেন, আমাদের জানানো হয়েছিল, নিউজিল্যান্ডের প্লেয়াররা দিল্লির জৈব সুরক্ষা বলয়ে সুরক্ষিত বোধ করছেন না। কবে ইংল্যান্ডে যাওয়া হবে সে বিষয়েও তারা কোনো নিশ্চয়তা পাচ্ছিলেন না। তাই এখানে থাকতেও ওরা আর রাজি ছিল না। এসব কারণে চেন্নাই সুপার কিংসের অজি ক্রিকেটারদের সঙ্গে ওরা মালদ্বীপে চলে গেছেন।

তবে এনজেডসির তরফ থেকে এ বিষয়ে এখনো কিছুই জানানো হয়নি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!