ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ইতালির ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক রসি মারা গেছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২০, ১০ ডিসেম্বর ২০২০
ইতালির ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক রসি মারা গেছেন
পাওলো রসি

কিছুদিন আগে মারা গেছেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের তারকা দিয়েগো ম্যারাডোনা। এবার মারা গেলেন ইতালির ১৯৮২ আসর জয়ের নায়ক পাওলো রসি। দেশটির সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। 

ফুটবল কিংবদন্তিদের যেন হারানোর মৌসুম চলছে। ম্যারাডোনাকে হারানোর মৃত্যুশোক এখনো কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। এরই মাঝে গতকাল (বুধবার) খবর এসেছে আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ ও দেশটির সাবেক মিডফিল্ডার আলেসান্দ্রো সাবেলাও মারা গেছেন। সেই রেশ না কাটতেই এলো রসির না ফেরার দেশে চলে যাওয়ার খবর। 

সর্বকালের অন্যতম সেরা এ ফরোয়ার্ড ১৯৮২ বিশ্বকাপে নিজের সেরা ঝলক দেখিয়েছেন। শিরোপার মঞ্চে সে সময়ের পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। এই ম্যাচে একটি গোল করেছিলেন রসি।

একই বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টারে হ্যাটট্রিক করেছিলেন পাওলো রসি। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা দলকে তার হ্যাটট্রিকের মাধ্যমেই ৩-২ গোলে হারিয়ে সেমির টিকেট কেটেছিল ইতালি।

স্পেনে বসা সেই আসরে গোল্ডেন বুট ও গোল্ডেন বল দুটোই উঠেছিল রস্সির হাতে। পুরো টুর্নামেন্টে ৬ গোল করেছিলেন তিনি।

ইতালির নীল জার্সির বাইরে ক্লাব ক্যারিয়ারে জুভেন্টাস এবং এসি মিলানের হয়ে খেলেছেন রসি। আজ্জুরিদের জার্সিতে ৪৮ ম্যাচে ২০ গোল করেছেন তিনি। এছাড়া জুভেন্টাসকে চার বছরে দুটি সিরি আ ও একটি কোপা ইতালিয়া ট্রফি এনে দিয়েছেন। ১৯৮৪ সালে তুরিনের বুড়িদের ইউরোপিয়ান কাপও (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) জিতিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!