ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

কোহলিকে তারা ঘৃণা করতেই বেশি পছন্দ করে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৯, ১৫ নভেম্বর ২০২০
কোহলিকে তারা ঘৃণা করতেই বেশি পছন্দ করে
বিরাট কোহলি ও টিম পেইন

অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরই মধ্যে দেশটিতে পৌঁছে গেছে ভারত। সিরিজ শুরুর আগে ঐতিহ্য মেনেই শুরু হয়েছে দুই দলের কথার লড়াই। সেখানে অজি টেস্ট অধিনায়ক টিম পেইন জানিয়েছেন, ভারত অধিনায়ক বিরাট কোহলিকে তারা ঘৃণা করতেই বেশি পছন্দ করেন। 

অস্ট্রেলিয়ার মাটি থেকে শেষ মোকাবেলায় ২-১ ব্যবধানে সিরিজ জিতে এসেছে ভারত। দেশটির ক্রিকেট ইতিহাসে সেটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়। এবার দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ থাকায় ভারত সহজে কিছু করতে পারবে না বলে মনে করছে ক্রিকেট দুনিয়া। 

শনিবার নিজ দেশের সংবাদমাধ্যমকে পেইন বলেছেন, ‘জানি না বিরাটকে নিয়ে কেন আমাকে এত প্রশ্ন করা হয়। সে আমার কাছে আর পাঁচজন ক্রিকেটারের মতোই। ওর সঙ্গে আমার কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সত্যি নেই। শুধু টস ও ম্যাচের সময়েই যা দেখা হয়।’

কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ হলেও পেইন জানিয়েছেন, অস্ট্রেলীয়রা তাকে ঘৃণা করতেই বেশি পছন্দ করেন। তিনি বলেন, ‘বিরাটের সঙ্গে আমাদের সম্পর্কটা অদ্ভুত। ক্রিকেটভক্ত হিসেবে ওর ব্যাটিংয়ে সবাই ঠিকই মুগ্ধ। কিন্তু আমরা কেউ চাই না, ও আমাদের বিপক্ষে রান করুক। বিরাটকে ঘৃণা করতেই আমরা বেশি পছন্দ করি।’

ভারতের গত অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে কোহলি ও পেইনের মধ্যে উত্তপ্ত সম্পর্ক তৈরি হয়েছিল। মাঠের মধ্যে কয়েকবার দুই দলের অধিনায়কের সংঘাত ঘটে। এমনকি আম্পায়ারকেও এক পর্যায়ে হস্তক্ষেপ করতে হয়েছিল। 

গতবারের অভিজ্ঞতা থেকে পেইন জানিয়েছেন, ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ মানেই চরম প্রতিদ্বন্দ্বিতা। কোনো দলই এক ইঞ্চি পরিমাণ ছাড় দেয় না। তাই এ ধরনের ম্যাচে উত্তপ্ত বাক্য বিনিময় হওয়াই স্বাভাবিক। 

এ বিষয়য়ে পেইন বলেন, ‘ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই কঠিন প্রতিদ্বন্দ্বিতা। প্রত্যেকের মধ্যে অন্যরকম উত্তেজনা থাকে। বিরাটও এই প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করে, আমিও করি। তাই পরিস্থিতি কখনো কখনো উত্তপ্ত হয়ে উঠতেই পারে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!