সান্তোসে ফিরলেন রবিনহো
পুরনো ক্লাব সান্তোসে ফিরে এসেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রবিনহো। হঠাৎ করেই হারিয়ে যাওয়া ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দলে নিয়মিত থাকার সময়ই অনেকটাই প্রচারের বাইরে চলে গিয়েছিলেন। তবে যে ক্লাবটির হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন দীর্ঘদিন পর আবারো সেই ক্লাবে ফিরে এসে নতুন করে আলোচনায় এসেছেন রবিনহো।
২০০৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেবার আগে এই ব্রাজিলিয়ান ক্লাবের হয়ে ২০০২ সালে অভিষেক হয়েছিল রবিনহোর।
সান্তোস এক বিবৃতিতে রবিনহোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সান্তোসের হয়ে খেলবেন। যদিও চুক্তির পরিমান খুবই কম, কিন্তু পুরনো ক্লাবে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন রবিনহো।
তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরের সঙ্গে এবারের গ্রীষ্মে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট সুবিধায় সান্তোসে যোগ দিয়েছেন রবিনহো।
ব্রাজিলিয়ান এই ক্লাব থেকেই পরবর্তীতে নিজেদের দেশসেরা ও একইসঙ্গে বিশ্বসেরা প্রমাণ করেছেন পেলে ও নেইমারদের মত তারকারা। কিন্তু বর্তমানে গুরুতর আর্থিক সঙ্কটের মুখে পড়েছে ক্লাবটি। খেলোয়াড় চুক্তি করতে না পারায় তাদের সামনে ফিফার নিষেধাজ্ঞা পর্যন্ত আসতে পারে বলে শঙ্কা রয়েছে।
২০১৮ সালে তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরে যোগ দেন রবিনহো। এসি মিলানের পর একই বছরের জানুয়ারিতে তুরস্কেরই আরেক ক্লাব সিভাসপোরে যোগ দিয়েছিলন তিনি। এক বছর না যেতেই দলবদল করে বাসাকসেহিরে যান। গত মৌসুম শেষে এই দলের সঙ্গেও সম্পর্ক শেষ হয় তার। এরপর সান্তোসে ফিরে আসলেন ব্রাজিলের জার্সি গায়ে ১০০ ম্যাচ খেলা রবিনহো। ব্রাজিলিয়ান সিরি আ’র ২০১৯-২০ মৌসুমে সাবেক আর্জেন্টাইন কোচ সাম্পাওলির অধীনে দ্বিতীয় স্থানে ছিল সান্তোস।
এই নিয়ে চতুর্থ মেয়াদে সান্তোসের জার্সিতে দেখা যাবে রবিনহোকে। মাত্র ১২ বছর বয়সে এই ক্লাবের হয়েই ফুটসালে অভিষেক হয়েছিল তার। ২০০১ সালে ১৭ বছর বয়সে এই ক্লাবের সিনিয়র দলের সুযোগ পান তিনি। ওই মৌসুমে দলকে সিরি আ’র শিরোপা জিতিয়ে নজর কাড়েন তিনি।
সান্তোসের জার্সিতে টানা তিনটি সফল মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রবিনহো। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ২০০৬-০৭ এবং ২০০৭-০৮ মৌসুমে টানা দুটি লা লিগার শিরোপা জেতার স্বাদ পান তিনি। এরপর দুই মৌসুম খেলেছেন প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে। কিন্তু প্রিমিয়ার লিগে একের পর এক ব্যর্থতার কারণে ২০১০ সালে তাকে ধারে সান্তোসে খেলতে পাঠায় ম্যানসিটি।
২০১৪ সালে এসি মিলানে যোগ দেন রবিনহো। কিন্তু ঐ সময় ফর্মহীনতায় এসি মিলানও তাকে রাখতে চায়নি। ফলে চাইনিজ সুপার লিগের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডে, অ্যাতলেতিকো মিনেইরো এবং সিভাসপোরে হয় তার পরবর্তী ঠিকানা। সেখান থেকে বাসাকসেহির হয়ে সান্তোসে ফিরে গেলেন তিনি।
ব্রাজিলের জার্সিতে ১০০ ম্যাচ খেলে ২৮ গোল করা রবিনহো ২০০৭ কোপা আমেরিকা এবং ২টি কনফেডারশনস কাপ জেতার স্বাদ পেয়েছিলেন। কিন্তু ক্লাব ফুটবলের ব্যর্থতা জাতীয় দলেও তার অবস্থান নড়বড়ে করে দেয়। ক্রমেই জাতীয় দলের অবস্থান হারিয়ে ফেলেন রবিনহো। ২০১৭ সালে সেলেসাওদের হয়ে সর্বশেষ শততম ম্যাচটি খেলেছিলেন এই ফরোয়ার্ড।