আখ ক্ষেতে ধোনি-রোহিতের ভক্তদের মারামারি, গুরুতর আহত একজন
ভারতীয় ক্রিকেট দলে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। প্রায় দেড় দশক একসঙ্গে খেললেও কখনো তাদের মনোমালিন্যের খবর পাওয়া যায়নি। তবে এই দুই ক্রিকেটারের ভক্তরা এক আখ ক্ষেতে বাঁধিয়েছেন মারামারি। দুই দলের মারামারিতে গুরুতর আহত হয়েছেন একজন।
লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের কোলাপুরের কুরুন্দাদে। গত ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। এরপর কোলাপুরের ওই এলাকার ধোনি ভক্তরা আশেপাশে ভারতীয় সাবেক অধিনায়কের ছবি ও পোস্টার লাগিয়ে দেন।
এক সপ্তাহের মাথায় রোহিত শর্মা ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। তখন ওই এলাকা রোহিতের পোস্টারে ভরিয়ে ফেলেন এই ব্যাটসম্যানের ভক্তরা। তখন থেকেই ঝামেলা শুরু হয় ধোনি ও রোহিতের ভক্তদের মাঝে।
কারণ হিসেবে জানা যায়, ধোনি ভক্তরা এলাকার বহু জায়গা থেকে রোহিত শর্মার ছবি ছিঁড়ে ফেলে দিয়েছে। তখন দুই গ্রুপের ছেলেরা আলোচনার জন্য এক জায়গায় জড়ো হয়। রোহিতের এক ভক্ত কিছু একটা মন্তব্য করায় উত্তেজনা চরমে ওঠে। সঙ্গে সঙ্গে সেই যুবকের ওপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারপিট করে ধোনির ভক্তরা। সেই যুবক গুরুত আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে ধোনি ভক্ত গ্রুপের ছেলেরা এ ঘটনা নিয়ে জানিয়েছে, রোহিত শর্মার ভক্ত সেই যুবক শুরু থেকেই তাদের অশালীন মন্তব্য করতে থাকে। রোহিতের পোস্টার কে বা কারা ছিঁড়েছে তা কেউ জানে না। এমনকি ধোনি ভক্তদের গ্রুপের কেউ সেই পোস্টার ছিঁড়েছে কি না তাও নিশ্চিত নয়।
এই ঘটনা জানতে পেরে টুইটারে ক্ষোভ ঝেড়েছেন বীরেন্দ্র শেবাগ। তিনি টুইট করে বলেছেন, ‘তোমাদের মতো ছেলেরা কী যে করে! ক্রিকেটাররা নিজেদের মধ্যে হয় সুসম্পর্ক বজায় রাখে, অন্যথায় পরস্পরের সঙ্গে কথা বলে না। কিন্তু তোমাদের মতো ক্রিকেটভক্তরা তো আলাদা পর্যায়ের পাগল।’