ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সাকিবকন্যার ছবিতে অশোভন কমেন্ট করা ৬ জন শনাক্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ২২ আগস্ট ২০২০
সাকিবকন্যার ছবিতে অশোভন কমেন্ট করা ৬ জন শনাক্ত
ফাইল ছবি

বাংলাদেশে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্য করায় ছয়জনকে শনাক্ত করেছে সাইবার পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শনাক্ত হওয়া আইডিগুলো ঢাকার বাইরের। তাদের আটক করতে টিম কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সম্প্রতি একটি ফেসবুক পেজে সাকিবের বড় মেয়ে আলাইনার একটি ছবি পোস্ট করা হয়। কিছুদিন আগে সপরিবারে যুক্তরাষ্ট্রের একটি সূর্যমুখী বাগানে ঘুরতে গিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। সেখানে আলাইনার একটি একক ছবি পোস্ট করেছিলেন টাইগার অলরাউন্ডার। মূলত এই ছবিই পোস্ট করা হয় সেই ফেসবুক পেজে।

আরো পড়ুন>>> সাকিবকন্যাকেও ছাড়লো না বিকৃত মস্তিষ্কধারীরা

অনেকেই ভালো মন্তব্য করলেও মানুষরূপী কিছু বিকৃত মস্তিষ্কের ব্যক্তিরা যথারীতি এই স্বাভাবিক ছবিতেও নেতিবাচক মন্তব্য করে। সূর্যমুখী বাগান হলেও তারা সেটিকে পাটক্ষেত হিসেবে আখ্যা দেয়। গ্রামাঞ্চলে পাটক্ষেতকে অনৈতিক কাজের একটি জায়গা হিসেবে ধরা হয়। আলাইনাকে নিয়ে সেসব কুরুচিপূর্ণ ইঙ্গিত করে মন্তব্য করতে থাকে সেসব বিকৃত মস্তিষ্কধারীরা। 

শাহ এম আব্দুল্লাহ নামের একজন মন্তব্য করে, 'সব কিছু ঠিক আছে, কিন্তু মামা এই বয়সে মাইয়া টা পাটক্ষেতে কি করে?' নিউটন তরফদার নামের আরেকজন মন্তব্য করে, 'এখন থেকে পাটক্ষেতে কেন?'

এমনই আরো অনেকে নেতিবাচক কমেন্ট করে। পরবর্তীতে অনেক নেটিজেনই বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সঙ্গত কারণে আর কোনো নেতিবাচক মন্তব্য উল্লেখ করা হলো না। 

আলাইনার মতো ফুটফুটে শিশুর ছবিতে এসব মন্তব্য দেখে অনেকেই এসব ব্যক্তিকে হিংস্র হায়েনা হিসেবে আখ্যা দিয়েছেন। কেউ কেউ বলেছেন এদের কারণেই শিশুরা ধর্ষণের শিকার হয়। অনেকেই এসব মন্তব্যকারীদের বিচারের আওতায় আনার দাবি করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!