ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মদ পানে শাস্তির কবলে ব্রাজিল তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১২, ১৮ আগস্ট ২০২০
মদ পানে শাস্তির কবলে ব্রাজিল তারকা
আর্থুর মেলো

নেইমারের জন্মদিনের পার্টিতে যোগ দিতে ক্লাবের অনুমতি ছাড়াই প্যারিসে চলে গিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন বার্সেলোনা ছেড়ে সদ্য জুভেন্টাসে নাম লেখানো আর্থুর মেলো। এবার তো মদ পান করে জরিমানাও গুনলেন এ ব্রাজিলিয়ান ফুটবলার।

মাঠের পারফরম্যান্সে তিনি যতটা গোছানো, ব্যক্তি জীবনে মোটেই তা নন আর্থুর। গত ডিসেম্বরে আন্দোরাতে স্নোবোর্ডিং করতে গিয়ে চোটে পড়েছিলেন। সেই সময়ের বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের তোপের মুখে পড়তে হয়েছিল এজন্য।

এরপর রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাপের ম্যাচের দুদিন আগে চলে গিয়েছিলেন নেইমারের জন্মদিনের পার্টিতে। বার্সেলোনার সব খেলোয়াড় যখন করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন, আর্থুর তা করাননি। বার্সেলোনা থেকে জুভেন্টাসে নাম লেখানোর জন্যও নাটক করেছেন আর্থুর মেলো। জুলাইয়ের শেষ দিকে কাউকে কিছু না বলে বার্সেলোনা থেকে চলে গিয়েছিলেন। আর্থুর মেলোর অগোছালো জীবনে এসব হয়তো যথেষ্ট ছিল না। তাই তো এবার মদ খেয়ে গাড়ি চালিয়ে পুলিশের তোপের মুখে পড়েছেন তিনি।

ঘটনা সোমবার ভোররাতের। বন্ধুদের আড্ডায় গিয়ে একটু বেশিই মদ পান করে ফেলেছিলেন! গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় তাই ভারসাম্য রাখতে পারেননি। গাড়ি উঠিয়ে দিয়েছেন ফুটপাতে। 

জিরোনায় ঘটা এই দুর্ঘটনার পর পুলিশ এসে ২৪ বছর বয়সী মিডফিল্ডারের অ্যালকোহল পরীক্ষা করে। তার শ্বাস-প্রশ্বাসে লিটারপ্রতি দশমিক ৫৫ মিলিগ্রাম অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়।

এটাই আর্থুরকে শাস্তি দেয়ার জন্য যথেষ্ট ছিল। নিয়ম অনুযায়ী কারো শ্বাস-প্রশ্বাসে লিটারপ্রতি দশমিক ৫০ মিলিগ্রামের বেশি অ্যালকোহল থাকতে পারবে না। নিয়ম ভাঙায় সঙ্গে সঙ্গেই জরিমানা করা হয়েছে আর্থুরকে। তার ড্রাইভিং লাইসেন্সও জব্দ করেছে পুলিশ। যেটা ছয় মাস থেকে এক বছরের আগে তিনি পাবেন না। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!