বাবার কাছে শাস্তি পেয়ে তাকে অনুষ্ঠান থেকে বাদ দিলেন ব্রড
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা দেন ইংলিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। এই ক্রিকেটারের বিচার করে জরিমানা ধার্য করা তথা শাস্তি দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড যিনি স্টুয়ার্ট ব্রডের বাবা। শাস্তি পাওয়ার পর আগামী বড়দিনের অনুষ্ঠান থেকে বাবাকে বাদ দেয়ার ঘোষণা দিয়েছেন ছেলে ব্রড।
শাস্তি পাওয়ার কিছুক্ষণ পর টুইটারে স্টুয়ার্ট ব্রড লিখেছেন, ‘তিনি (বাবা) ক্রিসমাসের (বড়দিন) কার্ড পাচ্ছেন না। পুরস্কারের তালিকা থেকেও বাদ দিলাম!’।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটির চতুর্থ দিন ইয়াসির শাহ-এর সঙ্গে অসদাচরণ করেন স্টুয়ার্ট ব্রড যা আইসিসির আচরণবিধির ২.৫ ধারা অনুসারে নিষিদ্ধ। ফলে নিয়ম অনুযায়ী তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়ে।
এছাড়া একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ব্রড। বিগত চব্বিশ মাসের মাঝে এটি তার তৃতীয় অপরাধ ছিল। ফলে এই ইংলিশ পেসারের বর্তমান ডিমেরিট পয়েন্ট তিন।
এর আগে ২০১৮ সালের ১৯ আগস্ট ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে এবং চলতি বছরের ২ জানুয়ারী ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টের সময় আইসিসির আচরণবিধি ভেঙেছিলেন ব্রড।
ব্রড তার বাবা এবং এই ম্যাচের রেফারি ক্রিস ব্রডের কাছে অপরাধ স্বীকার করে নেয়ায় পরবর্তীতে আলাদা করে আর শুনানির প্রয়োজন পড়েনি।