রাবাদার জায়গায় সুযোগ পেলেন এনটিনির ছেলে
চলতি মাসের শুরুতেই সরকারের অনুমোদন পেয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ডের নতুন ধরণের ক্রিকেট ম্যাচ থ্রিটিসি। নতুন সূচি অনুযায়ী আগামী ১৮ জুলাই নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসে সলিডারিটি কাপ নামের চ্যারিটি ক্রিকেট ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচে রাবাদার জায়গায় সুযোগ পেয়েছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার মাখায়া এনটিনির ছেলে থান্ডো এনটিনি।
এর আগে গত ২৭ জুন তিন দলীয় এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় দক্ষিণ আফ্রিকার ক্রীড়া এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমোদন পায়নি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ফলে ম্যাচটি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
রাবাদা ছাড়াও এই ম্যাচে খেলতে পারবেন না সিসান্দা মাঙ্গালা। পরিবারের সদস্যের মৃত্যুর কারণে এই ম্যাচে অংশ নিচ্ছেন না তারা। এছাড়া ক্রিস মরিসও খেলছেন না। তবে এই অলরাউন্ডারের না খেলার কারণ জানা যায়নি।
সলিডারিটি কাপে কেজি’স কিংফিশারসদের নেতৃত্বে ছিলেন রাবাদা। এই পেসার না খেলায় দলটিকে নেতৃত্ব দেবেন হেনরিক ক্লাসেন। এছাড়া কুইনি’স কাইটসদের নেতৃত্ব দেবেন ডি কক এবং এবি’স ঈগলসের নেতৃত্বে এবি ডি ভিলিয়ার্স থাকবেন।
রাবাদার বদলি হিসেবে থান্ডো এনটিনি খেলবেন এ কথা শুরুতেই বলা আছে। এছাড়া মরিসের বদলি হিসেবে খেলবেন জেরার্ড কোয়েটজে। ইগলসে মাঙ্গালার বদলি হিসেবে যোগ দিচ্ছেন বিজর্ন ফরটেইন।
সলিডারিটি কাপে অংশ নেয়া দলগুলোর স্কোয়াডঃ
কেজি’স কিংফিশারস: হেনরিক ক্লাসেন (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, থান্ডো এনটিনি (বদলি), তাবারাইজ শামসি, জেরার্ড কোয়েটজে (বদলি),রেজা হেন্ড্রিক্স, জানেমান মালান, গ্লেন্টন স্টারমান।
এবি’স ঈগলস: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, আন্দিলো ফেহলুকায়ো, জুনিয়র ডালা, কাইল ভেরেয়ান্নে, ভ্যান ডার ডাসেন, বিজর্ন ফরটেইন (বদলি)।
কুইনি’স কাইটস: কুইন্টন ডি কক (অধিনায়ক),এনরিক নর্টজে, ডুয়েন প্রিটোরিয়াস, বিউরান হেনড্রিকস, ডেভিড মিলার, টেম্বা বাভুমা, জেজে স্মাটস, লুথো সিপামিয়া।